


চেন্নাই: মহেন্দ্র সিং ধোনি আর চেন্নাই সুপার কিংস সমার্থক। আইপিএলের সূচনালগ্ন থেকে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে সম্পর্ক মাহির। হলুদ জার্সিতে দীর্ঘদিন মাঠ কাঁপিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ করে দু’পক্ষের সম্পর্কে ফাটল! তাও আবার ফ্র্যাঞ্চাইজির শেয়ার ভাগাভাগি নিয়ে।
জানা গিয়েছে, খেলা ছাড়ার পর চেন্নাই সুপার কিংসের সঙ্গেই থাকতে চান ধোনি। তবে কোচ বা মেন্টর হিসাবে নয়, সিএসকে’র আংশিক মালিকানা চেয়েছিলেন তিনি। অবশ্য বিনামূল্যে নয়, সঠিক মূল্য দিয়েই ২৫ শতাংশ শেয়ার কেনার জন্য আগ্রহ দেখিয়েছিলেন মাহি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি। তারা কেবল ৩ শতাংশ শেয়ার দিতে সম্মত। দরাদরির পর ধোনি ২০ শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দেন। তাতেও জট কাটেনি। শেষ পর্যন্ত সিএসকে ৪ শতাংশ দেওয়ার কথা জানায়। সমঝোতা না হওয়ায় ফের একবার আলোচনায় বসে দু’পক্ষ। এবার ধোনি নাকি ১৮ শতাংশ শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু সিএসকে সাড়ে পাঁচ শতাংশের বেশি শেয়ার বিক্রি করতে রাজি হয়নি। চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষেরই এক সদস্য জানিয়েছেন, ‘দলের শেয়ার কেনা নিয়ে ধোনির সঙ্গে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের আলোচনা হয়েছিল। লিখিত কিছু নয়, মৌখিকভাবেই দরদাম হয়। তবে তা ফলপ্রসূ হয়নি। কারণ, সিএসকে ম্যানেজমেন্টের অন্য পরিকল্পনা রয়েছে।’ উল্লেখ্য, গত মরশুমে চেন্নাই সুপার কিংসের স্কোয়াডে থাকলেও একটিও ম্যাচ খেলেননি মাহি। এবার তাঁর দলে থাকা নিয়েই সংশয় তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, তিনি ম্যানেজমেন্টের উপর ক্ষুব্ধ। তাই কোনোভাবেই দলের সঙ্গে যুক্ত থাকতে চাইছেন না।