


সাফল্যের সংজ্ঞা কি কেবল প্রশংসা? নাকি তার পায়ে পায়ে আসে বিতর্কও, যা এখন ছেয়ে রেখেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিকে। উগ্র জাতীয়তাবাদ, একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে প্রচার সহ একাধিক অভিযোগে বিদ্ধ হতে হচ্ছে রণবীর সিং অভিনীত ছবিটিকে। যদিও এতে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’-এর বিজয়রথ থামছে না। বরং তা আরও জোর গতিতে এগিয়ে চলেছে। ইতিমধ্যে ৫০০ কোটি টাকার ক্লাবে পৌঁছে গিয়েছে সিনেমাটি। মাত্র তিনদিনে। শনিবার ও রবিবার, সপ্তাহান্ত ও ইদের ছুটি মিলিয়ে ছবির ব্যবসা যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য। দক্ষিণ থেকে বলিউডের নামজাদা তারকারা এ ছবির প্রশংসায় পঞ্চমুখ। সে তালিকায় করণ জোহর, কঙ্গনা রানাওয়াত, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও যেমন রয়েছেন, তেমনই রয়েছেন রামচরণ, ঋষভ শেট্টিও। ঋষভ অভিনীত ‘কান্তারা: পার্ট ওয়ান’ ছবিকে ব্যাঙ্গ করে ‘ধুরন্ধর’ মুক্তির আগে বিতর্কে জড়িয়েছিলেন রণবীর। তবে এই বিতর্কে যে দুই অভিনেতার সম্পর্কে কোনো প্রভাব পড়েনি, তার প্রমাণ ফের মিলল ঋষভের ভূয়সী প্রশংসায়। এ ছবিকে ‘প্রোপাগান্ডা’ অভিযোগের তিরে যাঁরা বিদ্ধ করেছেন, তাঁদে একহাত দিয়েছেন অভিনেতা অনুপম খের। বলেছেন, ‘আপনারা এমন একটি ছবি তৈরি করে দেখান।’ অনুপমের প্রশংসায় ধন্যবাদ জানিয়েছেন ‘কৃতজ্ঞ’ রণবীরও। যদিও অভিনেতার এই সাফল্যে কেন দীপিকা পাড়ুকোন নীরব, তা নিয়ে বিস্তর চর্চা চলছে। অন্যদিকে, পরিচালক আদিত্য ধর ও ইয়ামি গৌতমের সঙ্গে দেখা করেছেন রাম গোপাল ভার্মা। ছবির পাশাপাশি তারকা দম্পতিরও প্রশংসা করেছেন রামগোপাল।