


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মানিকতলা বিধানসভা কেন্দ্রের অলিগলিতে তৃণমূলের ভোটপ্রচারে এখন একটাই স্লোগান, ‘দিদিভাই, তোমাকে চাই’। এই ‘দিদিভাই’ মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডে। ভোট যত এগিয়ে আসছে, মানিকতলায় এই স্লোগানের তীব্রতা যেন ততই বাড়ছে। শুধু স্লোগান নয়, মহল্লায় মহল্লায় দেওয়াল লিখনেও উঠে এসেছে সেই বার্তা। আর এই স্লোগানকে হাতিয়ার করেই প্রতিদিন মানিকতলার বিভিন্ন এলাকায় প্রচারে ঝড় তুলছে তৃণমূল। দলের কর্মী‑সমর্থকদের উচ্ছ্বাস আর উৎসাহে জয় নিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছেন প্রার্থী শ্রেয়াও। প্রচারে তাঁকে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’। সরকারি এই প্রকল্পের কথা প্রতিটি সভা, জমায়েতে তুলে ধরছেন শ্রেয়া। তাঁর কথায়, ‘মানুষ লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো প্রকল্প থেকে উপকার পেয়েছে। তাই এগুলির কথা আরও বেশি করে তুলে ধরতে হবে। আমরা কৃতজ্ঞ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।’
বুধবার এই কেন্দ্রের অন্তর্গত আর জি কর রোড, মোহনলাল স্ট্রিট, দেবনারায়ণ দাস লেন, রাজা দীনেন্দ্র স্ট্রিট, নীলম্বর মুখার্জি স্ট্রিট, ললিত মিত্র লেনের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেল, দেওয়াল দেওয়ালে জোড়াফুল প্রতীকের সঙ্গে প্রার্থীর নাম লেখা। কোথাও উঠে এসেছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সাফল্যের সাতকাহন। কোথাও ‘কন্যাশ্রী’ থেকে ‘যুবসাথী’। একটি দেওয়ালে লেখা‑‘আগে এক হাজার টাকা পেতাম। এখন পনেরোশো টাকা পাই। দিদিমনি তোমাকে চাই।’ বিরোধী প্রার্থীদের উদ্দেশে লেখা হয়েছে, ‘কাঁস্তে-হাতুড়ি-পদ্ম/ দিদির কাছেই জব্দ।’ দেওয়াল লিখনের পাশাপাশি সর্বত্র নজরে পড়ছে নানা সাইজের পোস্টার, ফ্লেক্স, ব্যানার। কোনো কোনো পোস্টার, ব্যানারে তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডের সঙ্গে তাঁর বাবা সাধন পান্ডে ও মা সুপ্তি পান্ডের ছবি রয়েছে একত্রে।
এই কেন্দ্র থেকে বহুবার বিধায়ক হয়েছেন সাধন পান্ডে। তাঁর মৃত্যুর পর ওই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ভোটে জিতে আসেন তাঁর স্ত্রী সুপ্তি পান্ডে। এবার তৃণমূলের এই গড়ে তৃণমূল টিকিট দিয়েছে তাঁদের মেয়ে শ্রেয়াকে। সেই সূত্রে এলাকার মানুষের বক্তব্য, ‘শ্রেয়া হল আমাদের ঘরের মেয়ে।’
গোয়াবাগান লেনের বাসিন্দা সমীরণ পাল বলছিলেন, ‘গত কয়েক বছরে এই কেন্দ্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। মানিকতলা এলাকার রাস্তাঘাট, পানীয় জল, আলো, সব ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে।’ তাঁর স্ত্রী সুমনা পালের কথায়, ‘আমাদের এখানে প্রতিটি অলিগলি পাকা হয়েছে। আগে কোথাও কোথাও এবড়োখেবড়ো ছিল। এখন রাস্তার ধারেও সৌন্দর্যায়ন হয়েছে। এসব কাজ প্রশংসাযোগ্য।’ ললিত মিত্র স্ট্রিট ও যদু মিত্র লেনে দাঁড়িয়ে কথা হচ্ছিল স্বপন দাস ও সুজন গুহর সঙ্গে। তাঁরা বললেন, ‘পানীয় জল হল একটা অন্যতম পরিষেবা। বর্তমানে এই পরিষেবার অনেকটা উন্নতি হয়েছে।’
এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। তাঁর বক্তব্য, ‘মানুষের দরজায় দরজায় যাচ্ছি। আমাদের বক্তব্য তুলে ধরছি। খুব ভালো সাড়া পাচ্ছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’ মানিকতলা কেন্দ্রে এবার বামফ্রন্ট প্রার্থী করেছে মৌসুমি ঘোষকে। তাঁর বক্তব্য, ‘মানুষ আমাকে জয়ী করলে সাধ্যমতো উন্নয়নের চেষ্টা করব।’ মানুষের পাশে থাকার কথা বলেছেন এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুগত রায়চৌধুরীও।