


বেজিং: এভারেস্ট অভিযানে গিয়ে ভয়াবহ বিপর্যয়। বিশ্বের উচ্চতম শৃঙ্গের তিব্বতের দিকে তুষারঝড়ে আটকে হাজারের বেশি অভিযাত্রী। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। চীনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার অস্বাভাবিক তুষারপাত ও অতিভারী বৃষ্টির কারণেই আটকে পড়েছেন অভিযাত্রীরা। রবিবার পর্যন্ত সাড়ে তিনশ ট্রেকারকে কুয়াদাং নামের একটি ছোট শহরে নিয়ে আসা হয়েছে। আরও দুই শতাধিক ট্রেকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে।
চীনে আট দিনের জাতীয় ছুটিতে অনেকেই এভারেস্টের পূর্বপাশের দুর্গম কারমা উপত্যকায় ট্রেকিং করতে গিয়েছিল। সেখানেই তাঁরা ভয়াবহ তুষারঝড়ের মুখোমুখি হয়। চেন গেশুয়াং নামের এক অভিযাত্রী জানিয়েছেন, ‘আমরা এতটাই ভিজে গিয়েছিলাম যে, শীতে আমাদের হাইপোথার্মিয়া হওয়ার প্রবল সম্ভাবনা ছিল।’ চেন আরও বলেন, ‘এবছরের আবহাওয়া স্বাভাবিক নয়। গাইডও বলছিলেন, অক্টোবর মাসে তিনি কখনও এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হননি।’ আরেক অভিযাত্রী এরিক ওয়েন বলেছেন, ‘শুক্রবার রাত থেকে এতটাই তুষারপাত হচ্ছিল যে, ভয়ে আমরা ঘুমোতে পর্যন্ত পারিনি। প্রতি ১০ মিনিটে তাঁবু সাফ করতে হচ্ছিল। না হলে আমরা তুষারের তলায় চাপা পড়তাম।’ দলের তিন সদস্য হাইপোথার্মিয়ার শিকার হয়েছেন বলেও জানিয়েছেন ওয়েন। চীনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, অন্তত হাজার জন সেখানে আটকে রয়েছে। তাঁদের উদ্ধারের জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি গ্রামবাসীদেরও সাহায্য নেওয়া হচ্ছে।