


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দোল উৎসবের সকালে শহরে বিপত্তি। পার্ক স্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বিপজ্জনক বাড়ির একটা বড় অংশ। বাড়িটি প্রায় ১৫০ বছরেরও বেশি পুরনো। দুর্ঘটনার সময়ে সেখানে কেউ না থাকায় কোনও বড় ধরনের বিপদ ঘটেনি। তবে ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পার্ক স্ট্রিট থানার পুলিশ। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ডেমোলিশন টিমও যায় সেখানে। জানা গিয়েছে, বাড়িটি একটি ওয়াকফ সম্পত্তি। বহু বছর ধরেই আইনি জটিলতায় এই অবস্থায় পড়ে রয়েছে সেটি। ঠিকমতো সংস্কারও হয়নি।
মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে পার্ক স্ট্রিট থানা এলাকার এলিয়ট রোডে। পুরনো বাড়িটির ছাদের কার্নিশের একটি বড় অংশ ভেঙে পড়ে। বাড়ির ভিতরের উঠোনে রাখা ছিল স্কুটি ও সাইকেল। তার উপরেই ভেঙে পড়ে ছাদের কার্নিশের বড় চাই। প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশীর দাবি, বরাতজোরে বেঁচেছেন তিনি। দুর্ঘটনার কিছুক্ষণ আগে তিনি সেখানে গিয়েছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এমনিতেই পুরনো বাড়ি। তার উপর গত ২৭ ফেব্রুয়ারি ভূমিকম্প হয়েছিল। তখন বাড়ির দেওয়ালে বা ছাদের অংশে ফাটল দেখা দিতে পারে। তার জেরেও এদিন কার্নিশ ভেঙে থাকতে পারে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বাড়িটির একেবারে জরাজীর্ণ অবস্থা। জানা গিয়েছে, ওই বাড়িটিতে বর্তমানে ১৩টি পরিবারের বাস। কপালজোরে এদিন বেঁচে গেলেও তাঁরা আতঙ্কিত। ওই বাড়ির বাসিন্দা তনভি হুসেন বলেন, ঘটনার পর আতঙ্কে আছি। নিরাপত্তার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই অবস্থায় অন্ধকারে থাকা খুবই অসুবিধাজনক। প্রশাসনের কাছে বিষয়টি মানবিকভাবে ভেবে দেখার আর্জি জানাচ্ছি। নিজস্ব চিত্র