


একের পর এক বড় বাজেটের ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন শর্বরী ওয়াঘ। যশরাজ ফিল্মসের আসন্ন অ্যাকশন রোমান্স ছবির নায়িকা হচ্ছেন তিনি। আগেই জানা গিয়েছিল, তাঁর বিপরীতে কাজ করছেন অহন পাণ্ডে। সূত্রের খবর, ছবিতে খলচরিত্রে থাকছেন ঐশ্বরী থ্যাকারে। অহন ও ঐশ্বরী— তরুণ প্রজন্মের দুই অভিনেতার দ্বৈরথ পর্দায় দেখতে মুখিয়ে দর্শক। ফলে ছবি ঘিরে চর্চাও শুরু হয়েছে। অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘নিশাঞ্চি’ ছবিতে নজর কেড়েছেন ঐশ্বরী। তাঁর স্ক্রিন প্রেজেন্স, আত্মবিশ্বাস, অভিনয়— সবই প্রশংসনীয়। নতুন ছবিতে সুযোগ পেয়ে তিনি আপ্লুত। ‘সাঁইয়ারা’ খ্যাত অহন পাণ্ডে ছবির জন্য ইতিমধ্যে পুরোদমে প্রস্তুতি শুরু করেছেন। শীঘ্রই শ্যুটিং শুরু হওয়ার কথা।