


দেরাদুন: ফেসবুকে মন্তব্য নিয়ে বিবাদ! তার জেরেই এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন উত্তরাখণ্ডের জিম মালিক দীপক কুমার, যিনি ‘মহম্মদ দীপক’ নামেই বেশি পরিচিত। সম্প্রতি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে রাস্তা সম্প্রসারণের জন্য একটি মসজিদের একাংশ ভেঙে দেয় প্রশাসন। ওই ঘটনা নিয়ে ফেসবুকে নিজের মতামত জানিয়ে ভিডিয়ো প্রকাশ করেছিলেন দীপক। তাঁর মন্তব্যের বিরোধিতা করেন সঞ্জীব টঙ্ক নামে ওই ব্যবসায়ী। অভিযোগ, বিষয়টি পছন্দ না হওয়ায় দীপক ওই ব্যবসায়ীর দোকানে গিয়ে তাঁকে মারধর করেন ও হুমকি দেন। সঞ্জীবের অভিযোগের ভিত্তিতে দীপককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পৌরি গাড়ওয়ালের এসএসপি সর্বেশ পানওয়ার।
চলতি বছরের গোড়ার দিকে উত্তরাখণ্ডের কোটদ্বার এলাকায় এক মুসলিম দোকানদারকে হেনস্তা করছিল বজরং দলের কয়েকজন সদস্য। সেই সময় ওই দোকানদারের হয়ে রুখে দাঁড়ান দীপক। নিজেকে ‘মহম্মদ দীপক’ বলে পরিচয়ও দেন। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই বিপুল জনসমর্থন পান ওই জিম মালিক। পুলিশ জানিয়েছে, উজ্জয়িনীর ঘটনার প্রেক্ষিতে দীপক দু’মিনিটের ভিডিয়ো পোস্ট করেছিলেন ফেসবুকে। তিনি বলেন, ‘উজ্জয়িনীর মুসলিমদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা উচিত এবং বিষয়টির একটি সৌহার্দ্যপূর্ণ সমাধান খুঁজে বের করা উচিত।’ পোস্টটি ‘লাইক’ করেছেন ১৯ হাজারের বেশি মানুষ। কিন্তু দীপকের সঙ্গে একমত হতে পারেননি ওই ব্যবসায়ী। দু’জনে ফেসবুকেই তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। তারপরই এই ঘটনা।