


লখনউ: ‘মুখ্যমন্ত্রী সামূহিক বিবাহ যোজনা’। উত্তরপ্রদেশে গণবিবাহের অনুষ্ঠান তখন জমজমাট। এক এক করে নবদম্পতির হাতে তুলে দেওয়া হচ্ছে ম্যাট্রেস। এরইমধ্যে কয়েকটি ম্যাট্রেস দেখে চক্ষু চড়কগাছ প্রশাসনিক আধিকারিকদের। ম্যাট্রেসজুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়াফুল। আর ইংরেজিতে লেখা টিএমসি। যোগীরাজ্যে বিজেপি শাসিত সরকারের অনুষ্ঠানে কীভাবে তৃণমূলের প্রতীক ব্যবহার করা হল, তা নিয়েই একে অন্যের দিকে তাকিয়ে চোখ পাকাতে শুরু করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্তাব্যক্তিরা। ঘটনার তদন্তে নেমে সমাজকল্যাণ বিভাগের এক আধিকারিককে সাসপেন্ড করেছে উন্নাও জেলা প্রশাসন। আলিগড়ের ওই ম্যাট্রেস সরবরাহকারী সংস্থাটিকেও ব্ল্যাক লিস্ট করা হয়েছে। সংস্থাটি কোথা থেকে এই ধরনের ম্যাট্রেস পেল, তা খতিয়ে দেখছে পুলিশ।
মূল ঘটনা ২৪ জুলাইয়ের। উন্নাওয়ের ডঃ বীরেন্দ্র স্বরূপ এডুকেশন সেন্টারে গণবিবাহের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নিয়েছিল ৪৫৯ নবদম্পতি। বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতিদের হাতে ম্যাট্রেস তুলে দেওয়া হয়। তখনই গোটা বিষয়টি সামনে আসে। পিটিআই