


লন্ডন: ৩৯ বছর বয়সেও ৫ ঘণ্টা ১৫ মিনিটের ম্যাচ! অসম্ভবকে সম্ভব করে তোলার কারিগরই যে নোভাক জকোভিচ। উইম্বলডনের ইতিহাসে পুরুষদের সিঙ্গলসের দীর্ঘতম কোয়ার্টার ফাইনালে ফেলিক্স অগার-অ্যালিয়াসিমের বিরুদ্ধে পাঁচ সেটের থ্রিলারে তাঁর জয় নিয়ে আলোড়িত টেনিস মহল। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত চলা ম্যাচের ফল ৭-৬ (১২-১০), ৩-৬, ৬-৩, ৬-৭ (৪-৭), ৭-৬ (১০-৪)। শুক্রবার সেমি-ফাইনালে জোকারের প্রতিদ্বন্দ্বী বিশ্বের একনম্বর জানিক সিনার। অর্থাৎ, সামনে আরও এক কঠিন লড়াই। প্রশ্ন উঠছে, এমন ম্যারাথন ম্যাচের পর সিনারের বিরুদ্ধে সেরাটা মেলে ধরতে পারবেন তো তিনি?
২৫তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে বদ্ধপরিকর দেখানো জকোভিচ বলেছেন, ‘এই লড়াইটা ফাইনালে হলে ভালো হত। তাহলে আর ক্লান্তি নিয়ে চিন্তা থাকত না। যাই হোক, সামনে আরও একটা সেমি-ফাইনাল। কোনো পরিসংখ্যানের দিকে তাকাচ্ছি না।’ পুরুষদের অন্য সেমি-ফাইনালে অবাছাই আর্থার ফেরির বিরুদ্ধে খেলবেন দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জেরেভ। এদিকে, বৃহস্পতিবার মহিলাদের সিঙ্গলসের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি ক্যারোলিনা মুচোভা ও কোকো গফ। দ্বিতীয় সেমি-ফাইনালে খেলবেন মার্তা কোস্টুক ও লিন্ডা নসকোভা। বুধবার কোয়ার্টার ফাইনালে কোস্টুক ৬-৩, ৬-২ সেটে হারান জেসমিন পাওলিনিকে। অন্যদিকে নসকোভা ৬-৩, ৭-৫ সেটে হারান এলিসে মারটেন্সকে।