


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রশ্নপত্রের জন্য কেন্দ্রপিছু পৃথক ট্রাঙ্ক বরাদ্দ। তাতে রয়েছে কম্বিনেশন লক। প্রশ্নপত্রও এমনভাবে প্যাক করা যে পরীক্ষার্থী ছাড়া কেউ খুলতে পারবেন না। টোকাটুকি ঠেকাতে প্রতি প্রশ্নপত্রে রয়েছে কিউআর কোড। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কোনও নিয়োগ পরীক্ষাও নয়, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড দ্বিতীয় বর্ষের পরীক্ষা মঙ্গলবার থেকে শুরু হল এরকমই কড়া নিরাপত্তায়। প্রায় ৩৪ হাজার ছাত্রছাত্রী রাজ্যের ১২০টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, পরীক্ষা প্রক্রিয়া নিশ্ছিদ্র ও স্বচ্ছ রাখতেই বাড়তি সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন নানা উপায়ে টোকাটুকি বা প্রশ্নফাঁস হয়। প্রতি বছর উন্নত করা হবে পরীক্ষা পদ্ধতি।
প্রসঙ্গত, অনুমোদন পাওয়া ডিএলএড কলেজগুলির তালিকা নিজেদের ওয়েবসাইটে এবছরই নজিরবিহীনভাবে তুলে দিয়েছে পর্ষদ। এখনও পর্যন্ত ৫৯১টি কলেজ সেই তালিকায় রয়েছে। বর্তমানে ডিএলএডের প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে। বাকি যে খান চল্লিশেক কলেজ এখনও অনুমোদন পায়নি, তারাও ছাত্র ভর্তি করতে পারবে। ১২ আগস্ট পর্যন্ত আবেদনের চূড়ান্ত সময়সীমা ছিল। তবে, পর্ষদ তা ১৬ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে। সূত্রের খবর, আসন পূরণ না হলে মেয়াদ আরও বাড়বে। ওবিসি সমস্যার সমাধান না হলে অবশ্য সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে আবেদন প্রক্রিয়া।