


সাও পাওলো: ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের পথচলা শেষ। নরওয়ের কাছে হেরে হেক্সা জয়ের স্বপ্ন আপাতত জলাঞ্জলি দিয়েছে কার্লো আনসেলোত্তি ব্রিগেড। সেই সঙ্গে চোখের জলে অবসর ঘোষণা নেইমারের। ব্রাজিলের জার্সি তুলে রাখলেও, ক্লাব ফুটবলে কি খেলা চালিয়ে যাবেন? কিছুই নিশ্চিত করেননি ব্রাজিলিয়ান তারকা। তবে অসংখ্য অনুরাগীর মতো বাবা নেইমার সিনিয়রেরও আশা, ছেলে খেলা চালিয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে ছেলেকে অনুরোধও জানিয়েছেন তিনি।
নেইমার সিনিয়রের পোস্ট, ‘কী অসাধারণ এক সফর! অনেক চ্যালেঞ্জ এসেছে। যন্ত্রণাদায়কও ছিল। কিন্তু ক্লান্তি ছিল না। অসীম আশীর্বাদে ভরা। তোমার পুরো সফরের সাক্ষী আমি। সেই ছোট্ট ছোট্ট পায়ে বল নিয়ে খেলা। ফুটবল নিয়ে স্বপ্ন দেখা। অল্প সময়েই আঁচ করেছিলাম তোমার প্রতিভা।’ তিনি আরও বলেন, ‘তোমার অভিষেক ম্যাচ, প্রথম গোল এখনও স্মৃতিতে অমলিন।’