


সংবাদদাতা, ময়নাগুড়ি: তীব্র গরমে পানীয় জলের সংকটে জর্জরিত ময়নাগুড়ির খাগড়াবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের নেতাজীপাড়া। অভিযোগ প্রায় ১৫ দিন ধরে এলাকায় একাধিক বাড়িতে পানীয় জলের সরবরাহ বন্ধ। এমনকি রাস্তার ধারে থাকা স্ট্যান্ড পোস্ট থেকেও মিলছে না নিয়মিত জল। এই পরিস্থিতির খবর পেয়ে এলাকায় ৬ হাজার লিটার পানীয় জল পাঠানোর উদ্যোগ নিলেন ময়নাগুড়ি পুরসভার নির্দল কাউন্সিলার তুহিন কান্তি চৌধুরী। তিনি জানান ৩০০০ লিটার করে দুবার জল পাঠানো হয়েছে। এলাকারবাসী যাতে কিছুটা রেহাই পায় সেই জেরেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জল না আসায় তীব্র গরমের মধ্যে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। অনেকের পক্ষে জল কিনে খাওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গিয়েছে। জলের সংকটের মধ্যে এই উদ্যোগে আপাতত কিছুটা হলেও স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি দীর্ঘমেয়াদি এই সমস্যার সমাধানে দ্রুত এলাকায় নিয়মিত পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ।