


নিজস্ব প্রতিনিধি, বারাসত: হারিয়ে যাওয়া টাকা ও নথিসহ মানিব্যাগ ফিরিয়ে দিলেন পুলিশ গাড়ির চালক। মানিব্যাগ ফিরে পেয়ে বারাসত ট্রাফিক পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন উৎপল আইচ। জানা গিয়েছে, বারাসতের বড়বাজারের বাসিন্দা উৎপল। তিনি শুক্রবার কোর্টের সামনে গিয়েছিলেন প্রয়োজনীয় কাজ সারতে। তখন কোর্টের সামনে রাস্তায় পড়ে গিয়েছিল মানিব্যাগটি। বাড়িতে ফিরে মানিব্যাগ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। সেসময় পেট্রোলিংয়ে বের হন বারাসত পুলিশ জেলার ট্রাফিকের ডিএসপি নীহাররঞ্জন রায়। তাঁর গাড়ির চালক কোর্টের সামনের রাস্তায় একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগে কয়েক হাজার টাকা সহ বেশ কিছু নথি ছিল। আর সেই নথি ঘেঁটে প্রকৃত মালিকের ফোন নম্বর মেলে। ফোন করে হারিয়ে যাওয়া মানিব্যাগের প্রকৃত মালিক উৎপল আইচকে চাঁপাডালি মোড়ের ট্রাফিক কিয়স্কে আসতে বলা হয়। সেখানে উপযুক্ত প্রমাণ দেখিয়ে টাকা ভরতি মানিব্যাগ উৎপলকে ফিরিয়েছেন বারাসত পুলিশ জেলার ট্রাফিকের ডিএসপি নীহাররঞ্জন রায়।
উৎপল বলেন, ব্যাগে টাকা সহ জরুরি নথি ছিল। পুলিশ পেয়ে তা ফিরিয়েছেন। এর জন্য পুলিশকে কৃতজ্ঞতা জানাই। এদিকে, ডিএসপি ট্রাফিক নীহাররঞ্জন রায় বলেন, পেট্রোলিংয়ের সময় গাড়ির চালক এই ব্যাগটি পান। তাতে মোটা টাকা ছিল। মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে ফিরিয়ে দেওয়া হল এদিন। নিজস্ব চিত্র