


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশে অনলাইন ফার্মেসির ভবিষ্যৎ কী হবে এবং কোন পথে চলবে এই ওষুধ ব্যবসা, তা নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে এফডিএ ভবনে জরুরি বৈঠকে বসছেন কেন্দ্রীয় কর্তারা। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে এই বৈঠকে থাকবেন দেশের সমস্ত ওষুধ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকে ডাক পাওয়া এমনই এক সংগঠন অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়দীপ সরকার বলেন, একটাই সমাধান। প্রেসক্রিপশন দেখে তবেই ওষুধ দেওয়া। এখন ই প্রেসক্রিপশন এসে গিয়েছে। কোনো সরকারি পোর্টালে নির্দিষ্ট আইডি দিয়ে সেই প্রেসক্রিপশন যদি দেশের সমস্ত চিকিৎসক আপলোড করেন, অনলাইন হোক বা খুচরো-পাইকারি বিক্রেতা—সকলের পক্ষেই প্রেসক্রিপশন দেখে ওষুধ দেওয়া অনেক সহজ হবে। প্রেসক্রিপশন অডিট করাও সরকারিভাবে সুবিধার হবে। প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে খুচরো ও পাইকারি ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে অনলাইন ফার্মেসিগুলির সংঘাত চলছে। খুচরো ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে দাবি করে আসছেন, অনলাইন ফার্মেসি নিরাপদ নয় মোটেই। যদিও তা খণ্ডন করে আসছেন ই-ফার্মেসি কর্তারা। বহুসময় এই সংঘাত আইনি চেহারাও নিয়েছে।