


শিবাজী চক্রবর্তী, কলকাতা: উলটোরথের বিকেলে মোহন বাগান তাঁবুতে আলোর মায়াজাল। কয়েকদিন পরেই মোহন বাগান দিবস। তারই প্রস্তুতি চলছে জোরকদমে। বিখ্যাত সবুজ লনে হাতে হাতে ঘুরছে চা, ফিশ ফ্রাই, ঘুগনির প্লেট । মুখরোচক আলোচনায় ককরোচ আন্দোলন, মিছিল নিয়ে চর্চা। ডার্বির মারকাটারি টেনশনের লেশমাত্র নেই। কয়েক’শো মিটার দূরে ইস্ট বেঙ্গলের ছবিও প্রায় একইরকম। কাউন্টারে জনা কুড়ি সদস্য টিকিট তুলতে ব্যস্ত। ব্যাস ওইটুকুই। বাঙালদের চিরকালীন মাইর্যা ফেলুম, কাইট্যা ফেলুম মেজাজ কোথায়?মরশুমের প্রথম ডার্বির আগে ময়দান প্রায় ঝিমিয়ে। এই হাল কেন? কারণ অনুসন্ধানে ফেলু মিত্তির হওয়া নিষ্প্রয়োজন। বিশ্বকাপের রেশ কাটেনি এখনও। প্রায় দেড় মাসের তারকা যুদ্ধ। তার পাঁচ দিনের মধ্যেই ডার্বি। দুই প্রধান এখনও তৈরি নয়। প্রি-সিজন চালু হয়েছে সবে। তারকা বিদেশিরা অধিকাংশই বাইরে। ডুরান্ড আয়োজকরা দিন কয়েক পর ম্যাচটা দিলে জমে যেত। কিন্তু তাঁদের সুপরামর্শ দেবেন কে? টুর্নামেন্টে হাইপ তুলতে মহারণকেই বেছে নিয়েছেন তাঁরা। ১৩৫ তম ডুরান্ডের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ও পদস্থ আর্মি কর্তাদের থাকার কথা। কিন্তু যুবভারতীর গ্যালারি কতটা ভরবে তা নিয়ে সন্দেহ থাকছেই। ইস্ট বেঙ্গল তাঁবুতে ব্যক্তিগত কাজে হাজির প্রাক্তন ফুটবলার ভাস্কর গাঙ্গুলি। গাড়িতে ওঠার আগে প্রাক্তন ভারত অধিনায়কের আক্ষেপ, ‘কোনো পরিকল্পনা নেই। এভাবে ফুটবল হয় নাকি!’
শুক্রবার বিকেলে যুবভারতীতে মহারণের প্রস্তুতি সারল পালতোলা নৌকা ব্রিগেড। অভিষেকের অপেক্ষায় গ্রিক কোচ পানোস। সবুজ-মেরুন প্রশিক্ষকের গলায় একরাশ আত্মবিশ্বাস। চিরপ্রতিদ্বন্দ্বীর ডাগ-আউটে আন্তোনিও লোপেজ হাবাস। আইএসএলের সফলতম কোচ। তার উপর ডার্বিতে অপরাজিত তিনি। পানোসের মন্তব্য মোহন বাগান সমর্থকদের খুশি করতেই পারে। বললেন, ‘১১ বনাম ১১ লড়াই। মাঠে দেখা যাবে।’ ভিসা সমস্যা কাটিয়ে মিগুয়েল, ম্যাকলারেন, জেলজোকোভিচরা এখনও কলকাতায় আসেননি। সেক্ষেত্রে লিস্টন, মনবীর, সাহালদের উপর ভরসা রেখেই বাজিমাতে পানোস। জিতলে, পায়ের নীচের জমি সিমেন্ট দিয়ে গেঁথে ফেলবেন তিনি। অন্যদিকে, রাজারহাটের সেন্টার অব এক্সেলেন্সে অনুশীলন করল ইস্ট বেঙ্গল। পোড়খাওয়া হাবাসের গলায় উদ্বেগ। বৃষ্টিভেজা ভারি মাঠে সময় গড়ানোর সঙ্গে পেশির উপর চাপ পড়বে। ফলে চোট-আঘাতের আশঙ্কা থাকছেই। অভিজ্ঞ হাবাস বলেই দিলেন, ‘দল তৈরি নয়। ফুটবলারদের চোট হলে বড়ো ক্ষতি। কিন্তু ডার্বি সম্মানের লড়াই। ফুটবলাররা নিশ্চয়ই তাগিদ দেখাবে।’ ঘুরেফিরে সেই তাগিদ ও সম্মানের লড়াই বড়ো ম্যাচের ইউএসপি।
যুবভারতীতে ম্যাচ শুরু বিকেলে ৫টায়। সম্প্রচার সোনি স্পোর্টসে।