


‘ওটিটি জনপ্রিয় হলেও সিনেমা হলের বিকল্প নয়’, মনে করেন পরিচালক রাজকুমার হিরানি। গত শনিবার দুপুরে তাজ বেঙ্গলে ‘দ্য রোল অব ফিল্ম অ্যান্ড স্টোরিটেলিং ইন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি’ শীর্ষক একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)-এর উদ্যোগে আয়োজিত হয়েছিল অনুষ্ঠানটি। হিরানি বলেন, ‘প্রতিটি নতুন ছবি একেকটি স্টার্ট-আপের মতো। তাতে বহু মানুষের পরিশ্রম জড়িয়ে। তবে গড়পড়তা মানের সিনেমার পক্ষে টিকে থাকা কঠিন। কারণ দর্শক প্রেক্ষাগৃহে যান কেবল ভালো সিনেমা দেখতেই।’ সমালোচনাকেও ইতিবাচকভাবে গ্রহণ করার আহ্বান জানান পরিচালক। তাঁর কথায়, ‘সিনেমা দর্শকের বিনোদনের জন্য, শিক্ষাদানের জন্য নয়।’ রিমেকের প্রসঙ্গে হিরানি বলেন, ‘দর্শক এখন সারা বিশ্বের সিনেমা সহজেই দেখতে পারেন। তবে নতুন গল্পেরও অভাব রয়েছে। সে কারণে অনেক পরিচালক পুরনো গল্পকে নতুন ভাবে উপস্থাপন করছেন।’ অনুষ্ঠানের শুরুতেই এমসিসিআই-এর প্রেসিডেন্ট প্রীতি সুরেখা বলেন, ‘কেবল পরিচালক হিসেবেই নন, হিরানি মানুষ হিসেবেও অত্যন্ত বিনয়ী। তাঁর সিনেমাতেও এটা স্পষ্ট। তাঁর ছবির সংলাপ এখন জাতীয় সংস্কৃতির অংশ হয়ে গিয়েছে।’