


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তোনিও লোপেজ হাবাসের মুখ গম্ভীর। কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। সোমবার ইস্ট বেঙ্গল অনুশীলনে স্প্যানিশ কোচ সিংগভাগ সময় ব্যয় করলেন রক্ষণ সংগঠনেই। বুধবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর বাছাই পর্বের ম্যাচে ইস্ট বেঙ্গলের সামনে আল আরবি। ছয় বিদেশি সমৃদ্ধ কুয়েতের দলটি বেশ শক্তিশালী। তার উপর রক্ষণের সমস্যায় জেরবার আনোয়ারদের কোচ। ডিফেন্সে সবেধন নীলমণি নাচোর আবার চোট। অনুশীলনেই আসছেন না। এমআরআই রিপোর্ট আশাব্যঞ্জক নয়। নাচোর চোট নিয়ে তীব্র রহস্য। এমনকি, টিম-ম্যানেজমেন্টও বিরক্ত। অল ইন্ডিয়ান ডিফেন্সের ভরসা রাখা ছাড়া হাবাসের উপায় নেই। এখানেই শেষ নয়। গত বছর আর্কাদাগের বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন লালচুংনুঙ্গা। ফলে আল আরবির বিরুদ্ধে তাঁকে খেলানো যাবে না। হাবাসের রাতের ঘুম উবে যাওয়ার জোগাড়। অনুশীলনে রাইট উইং ব্যাকে হার্দিক ভাটকে খেলানো হচ্ছে। শ্রীনিধি ডেকান থেকে তাঁকে নিয়েছে ইস্ট বেঙ্গল। অনভিজ্ঞ তরুণের কাঁধে বড়ো দায়িত্ব। স্টপারে আনোয়ারের সঙ্গী সন্দীপ মান্ডি। লেফট উইং-ব্যাকে জয় গুপ্তাকে ব্যবহার করা ছাড়া উপায় নেই।
রক্ষণভাগের দুর্বলতা আড়াল করতে মাঝমাঠ জমাট করায় জোর দিচ্ছেন হাবাস। জোড়া ডিফেন্সিভ পিভট জিকসন সিং ও রশিদের জন্য নির্দিষ্ট গণ্ডি থাকছে। মাঝমাঠ সামলানোর পাশাপাশি রক্ষণকেও সাহায্য করতে হবে। হাবাস ব্রিগেডে সিলভার লাইন ড্যানি রামিরেজ। স্প্যানিশ প্লে-মেকারই দলের ইঞ্জিন। আপফ্রন্টে জেসিনকে বল ফিড করার দায়িত্ব রামিরেজের কাঁধে।
এদিকে, টিকিট বন্টন নিয়েও সোমবার সমস্যা তৈরি হয়। এদিন যুবভারতীর নির্দিষ্ট বক্স অফিস থেকে অন-লাইনে কাটা টিকিট হাতে দেওয়ার কথা থাকলেও তা হয়নি। দৃশ্যতই বিরক্তি প্রকাশ করেন সমর্থকরা।