


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এই মুহূর্তে আইএসএল টেবিলের শীর্ষস্থানে রয়েছে ইস্ট বেঙ্গল। প্রথম দু’টি ম্যাচে তারা দাপটে জিতেছে। এই পর্বে ৭টি গোল পেয়েছে অস্কার-ব্রিগেড। পক্ষান্তরে হজম করেছে মাত্র একটি। এবার তাদের সামনে জয়ের হ্যাটট্রিকের হাতছানি। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মশাল বাহিনীর প্রতিপক্ষ জামশেদপুর এফসি। তার আগে ইস্ট বেঙ্গল ড্রেসিং-রুমে বসন্তের আমেজ। কিন্তু কোচ অস্কার ব্রুজোঁকে চিন্তায় রেখেছেন সাউল ক্রেসপো ও নাওরেম মহেশ। এদিনও মাঠে এসে টিম মিটিংয়ের পর একপাক দৌড়ে ড্রেসিং-রুমে ঢুকে যান স্প্যানিশ মিডিও। দিল্লি ম্যাচের আগে দেরিতে মাঠে আসা নিয়ে কোচের সঙ্গে মনোমালিন্য চলছিল সাউলের। সেই বরফ এখনও পুরোপুরি গলেনি। আর মহেশ বল পায়ে পুরোদমে অনুশীলন করলেও জামশেদপুর ম্যাচে তাঁর মাঠে নামা অনিশ্চিত। দলের গুরুত্বপূর্ণ ফুটবলার এই মণিপুরি। তাই তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ কোচ। বৃহস্পতিবার নাওরেমকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। দুরন্ত ছন্দে থাকা মিগুয়েল এদিনও টাচলাইনের বাইরে একাই দৌড়ালেন। তবে সূত্রের খবর, মাঠে নামতে তাঁর কোনও অসুবিধা নেই। টানা ম্যাচ থাকায় ব্রাজিলিয়ান বল প্লেয়ারকে বিশ্রাম দিয়েছেন লাল-হলুদের হেড স্যার।
বুধবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্রায় দেড় ঘণ্টা জামশেদপুর ম্যাচের প্রস্তুতি সারল ইস্ট বেঙ্গল। দৌড়-স্ট্রেচিংয়ের পর দীর্ঘক্ষণ বড় মাঠে সিচুয়েশন প্র্যাকটিস করালেন কোচ অস্কার। অ্যান্টন সোয়বার্গ এদিন পুরোদমে দলের সঙ্গে গা ঘামালেন। স্ট্রাইকার ইউসেফের পিছন থেকে মুভ করতে দেখা গেল তাঁকে। ড্যানিশ অ্যাটাকারের বাঁ পা বেশ সচল। পাশাপাশি ডামি রানে জায়গা তৈরিতেও পটু। জামশেদপুর ম্যাচে লাল-হলুদ জার্সিতে অ্যান্টনের অভিষেক হতে পারে। তবে এদিন বেশ কিছুক্ষণ ডিফেন্ডারদের নিয়ে আলাদা করে কথা বললেন কোচ অস্কার। বিশেষত জয় গুপ্তাকে বিশেষ পরামর্শ দিতে দেখা গেল তাঁকে। উল্লেখ্য, দিল্লির বিরুদ্ধে তাঁর ভুলেই ক্লিনশিট বজায় রাখতে ব্যর্থ হয়েছিল ইস্ট বেঙ্গল। সেই ভুলের পুনরাবৃত্তি ঘটাতে নারাজ স্প্যানিশ কোচ।