


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপার সিক্সের রিংয়ের বাইরে ইস্ট বেঙ্গল। শনিবার গুয়াহাটিতে নিয়মরক্ষার ম্যাচে বিনো জর্জের দলের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সামনে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ থাকায় স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ দলের সঙ্গে যাননি। কারণ, চারদিন পরেই এএফসি চ্যালেঞ্জ লিগের ফিরতি পর্বের কোয়ার্টার-ফাইনাল। পরের রাউন্ডে যেতে হলে সেই ম্যাচ জিততেই হবে। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শনিবার ভোরে প্রথম একাদশ নিয়ে তুর্কমেনিস্তানে উড়ে যাচ্ছেন কোচ অস্কার ব্রুজোঁ। অতএব শিলংয়ে সম্মানজনক ফল রেখে মাঠ ছাড়ার গুরুদায়িত্ব বিনো জর্জের কাঁধে। ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে অষ্টম স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল। আইএসএলে এটাই এখনও পর্যন্ত সর্বাধিক পয়েন্ট তাদের। শেষ ম্যাচ ভালোয় ভালোয় উতরে গেলেই বাঁচেন কেরালাইট কোচ। রিজার্ভ দলের ফুটবলাররাই তাঁর ভরসা।
শুক্রবার দুপুরে গুয়াহাটি পৌঁছে বিকেলে স্থানীয় মাঠে অনুশীলন করলেন ডেভিডরা। দলের সঙ্গে একমাত্র বিদেশি হিসেবে গিয়েছেন ক্লেটন সিলভা। চোট সারিয়ে দীর্ঘ রিহ্যাবের পর এএফসি চ্যালেঞ্জ লিগের হোম ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। শনিবার লক্ষ্যভেদের জন্য কোচ বিনো তাকিয়ে তাঁর দিকে। এছাড়াও ডেভিড, নিশু কুমার, মার্ক জোথানপুইয়া ও দেবজিৎ মজুমদারের মতো ফুটবলাররা রয়েছেন। তবে আসল পরীক্ষা জেসিন টিকে, সায়ন ব্যানার্জিদের। ঘরোয়া লিগে নজর কাড়লেও আইএসএলে তেমন ম্যাচ টাইম পাননি তাঁরা। আগামী মরশুমের আগে এটা তাঁদের কাছে সুবর্ণ সুযোগ। প্রতিপক্ষ নর্থইস্ট চলতি লিগে ৪২ গোল করেছে। এরমধ্যে ২১টি লক্ষ্যভেদ আলেদাইনের। মিডিও নেস্টারের সঙ্গে মরক্কান অ্যাটাকারের বোঝাপড়া ভালো। পথের কাঁটা ওপড়াতে হলে সেই সাপ্লাই লাইন কাটতে হবে ইস্ট বেঙ্গলকে। উল্লেখ্য, ২৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে নর্থইস্ট।
ম্যাচ শুরু বিকেল ৫টায়। সম্প্রচার স্টার স্পোর্টস থ্রি’তে।