


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপের ফাইনালে আজ, রবিবার মুখোমুখি হয় মোহন বাগান এবং ইষ্ট বেঙ্গল। এদিন বিকেল ৫ টায় সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয় খেলা। ফাইনালের এই ডার্বিতে জিততে মরিয়া ছিল দুই দলই। একে অপরকে টেক্কা দিতে দুর্দান্ত দল সাজান কোচ পানাজিওটিস ডিম্পেরিস এবং আন্তোনিও লোপেজ হাবাস। এদিন খেলা শুরু হতেই দুই প্রতিপক্ষ আক্রমণ শুরু করে। ৯ মিনিটের মাথায় লাল হলুদ শিবিরের ২৯ নম্বর জার্সির বিপিন সিং দুর্দান্ত শট করেন। বলে জালে জড়িয়ে যায়। ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। এরপর ১১ মিনিটের মাথায় ফের শট করেন ১০ নম্বর জার্সির এডমুন্ড। ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় লাল হলুদ শিবির। ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত ফ্রি কিক করে মোহন বাগান। কিন্তু তা প্রতিহত করেন ইষ্ট বেঙ্গলের গোলরক্ষক প্রভসুখান সিং গিল। ২১ মিনিটে ফের গোল করে ইস্ট বেঙ্গল। এবারও এডমুন্ড। ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। ৩২ মিনিটে গোল করেন মোহন বাগানের ১১ নম্বর জার্সির মনবীর সিং। গোলের ব্যবধান কমে দাঁড়ায় ৩-১ এ। ৪৩ মিনিটে ফের গোল করে হ্যাটট্রিক করেন ইষ্ট বেঙ্গলের এডমুন্ড। গোলের ব্যবধান হয় ৪-১। প্রথম হাফে ৩ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। কিন্তু এই সময়ের মধ্যে আর কোনও গোল হয়নি। প্রথমার্ধ্ব শেষে বল পজেশনে এগিয়ে ছিল মোহন বাগান। ৫৭ শতাংশ বল পজেশন ছিল সবুজ মেরুন শিবিরের দখলে।
দ্বিতীয়ার্ধ্বের খেলা শুরু হতেই ফের আক্রমণ শুরু করে লাল হলুদ শিবির। ৫৪ মিনিটে বক্সের বাইরে থেকেই শট করেন মোহন বাগানের ৮ নম্বর জার্সির সামির। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৪ মিনিটে ফের সুযোগ পেলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় সবুজ মেরুন শিবির। বারবারই গোলের খোঁজে বক্সে ঢুকে পড়েন মোহন বাগানের প্লেয়াররা। কিন্তু তাঁরা ইষ্ট বেঙ্গলের রক্ষণ ভেদ করতে পারেননি। দ্বিতীয় হাফে ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। খেলা ৪-১ গোলের ব্যবধানেই শেষ হয়। মোহন বাগানকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে জয়ী হয় ইষ্ট বেঙ্গল।