


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসিএল-টু’র গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আল হুসেইনের বিরুদ্ধে দু’গোলে লিড নিয়েও জিততে ব্যর্থ ইস্ট বেঙ্গল। অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়েই শহরে ফিরেছেন রশিদরা। মূলত দ্বিতীয়ার্ধে রক্ষণ ও মাঝমাঠের একাধিক ভুলের খেসারত দিতে হয় হাবাস-ব্রিগেডকে। তাই পরবর্তী ম্যাচের আগে এই দুর্বলতা শুধরে নেওয়াই লক্ষ্য লাল-হলুদ স্প্যানিশ কোচের। তিনদিনের ছুটি কাটিয়ে মঙ্গলবার প্রস্তুতিতে নেমে পড়ল ইস্ট বেঙ্গল। বৃষ্টিতে ক্লাবের মাঠের অবস্থা খারাপ হওয়ায় এদিন পাশের অ্যাস্ট্রোটার্ফে দলকে অনুশীলন করান স্প্যানিশ কোচ। তার আগে দীর্ঘক্ষণ ড্রেসিং-রুমে ফুটবলারদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে আল হুসেইন ম্যাচের ভিডিয়ো চালিয়ে ফুটবলারদের ভুল বুঝিয়ে দেন তিনি। অনুশীলনের শুরুতে দীর্ঘক্ষণ ক্রিস ইকোনমিডিসের সঙ্গে কথা বলতে দেখা যায় হাবাসকে। তারপর শুরু হয় প্র্যাকটিস। মেডিকেল সম্পূর্ণ না হওয়ায় এদিন অনুশীলনে যোগ দেননি একে লোবা।
এদিকে, আইএফএ শিল্ডে বৃহস্পতিবার ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে অভিযান শুরু করবে ইস্ট বেঙ্গল। শুরুতে ঐতিহ্যবাহী টুর্নামেন্টে সিনিয়র ফুটবলার ছাড়তে রাজি ছিলেন না হাবাস। তবে কর্তাদের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত বদলান তিনি। তবে শিল্ডে সিনিয়র দলের ক’জন ফুটবলারকে খেলানো হবে, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। মূলত রিজার্ভ দলের ফুটবলারদের উপরই আস্থা রাখছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। তবে তাতেও বিপত্তি। অফিস খেলা থাকায় প্রথম ম্যাচে অঙ্কন ভট্টাচার্য ও চাকু মান্ডিকে পাওয়া যাবে না। তাই রক্ষণ সংগঠন নিয়ে নতুন করে পরিকল্পনা করতে হবে লাল-হলুদ শিবিরকে। এক্ষেত্রে সিনিয়র দলের ফুটবলাররাই ভরসা কোচ অর্চিষ্মান বিশ্বাসের।