


হায়দরাবাদ, ২৫ এপ্রিল: তেলেঙ্গানার রাজ্য রাজনীতিতে নয়া মোড়। দাদা ও বোনের দ্বন্দ্বে ছেলের পাশে দাঁড়িয়েছিলেন বাবা। দল থেকে মেয়েকে বের করে দেওয়া হয়। এবার নিজের রাজনৈতিক দল গঠন করে তাঁদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মেয়ে!
কয়েক মাস আগে মেয়ে কে কবিতাকে দল থেকে সাসপেন্ড করেছিলেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিআরএস সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও (কেসিআর)। মেয়ে দলবিরোধী কাজ করছেন বলে জানিয়ে দেন তিনি। শনিবার নিজের রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করলেন কেসিআর-কন্যা। নতুন দলের নাম ‘তেলেঙ্গানা রাষ্ট্র সেনা’ (টিআরএস)। এমন নামকরণের মধ্যেও তেলেঙ্গানা আন্দোলনের ভাবাবেগে শান দেওয়ার গন্ধ পাচ্ছেন অনেকে। তেলেঙ্গানা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল কেসিআরের নেতৃত্বাধীন টিআরআস (তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি)। পরে দলের নাম বদলে হয় ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। নিজের দলের নাম ‘টিআরএস’ রেখে কেসিআর-কন্যা আসলে তেলেঙ্গানা আবেগকে নিজের পালে টানতে চাইছেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
নিজের দল ঘোষণার পরে কবিতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নামটা মনে রাখবেন, তেলেঙ্গানা রাষ্ট্র সেনা। যা-ই আসুক, আমরা পিছু হটব না। আমাদের পথে বাধা হয়ে দাঁড়ালে, ছাই হয়ে যাবে। তোমাদের সময় শেষ, এবার আমাদের সময় শুরু।’ গত মাসে সাংবাদিক বৈঠকে নতুন দল গঠনের ইঙ্গিত দিয়েছিলেন কবিতা। পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের এক যুগ পরেও সাধারণ মানুষের আকাঙ্খা পূরণ হয়নি বলে অভিযোগ করেন তিনি।
২০২৪ সালের মার্চে দিল্লি আবগারি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার হন কেসিআর-কন্যা। পাঁচ মাস জেলে থাকার পর অবশেষে জামিন পান তিনি। এর পরে বিভিন্ন সময়ে দাদা কে টি রামা রাও (কেটিআর)-এর বিরুদ্ধে সরব হন কবিতা। তাঁর বিরুদ্ধে দলের অভ্যন্তরে চক্রান্ত চলছে অভিযোগ করে বাবা তথা বিআরএস সুপ্রিমো কেসিআরকে চিঠি পর্যন্ত লেখেন। গত বছর সেপ্টেম্বর মাসে মেয়ে কবিতাকে বিআরএস থেকে সাসপেন্ড করেন কেসিআর।