


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইবোলা ছড়িয়েছে আফ্রিকার উগান্ডা এবং কঙ্গোতে। বিপজ্জনক এই ভাইরাসে দুই দেশ মিলিয়ে আক্রান্ত তিনশোর বেশি। মারা গিয়েছেন ৪৯ জন। এই পরিস্থিতিতে এই দুই দেশ থেকে রাজ্যে আসা বিমানযাত্রীদের ব্যাপারে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, আন্তর্জাতিক প্রোটোকলের অংশ হিসাবে উগান্ডা ও কঙ্গো ফেরত ১০ জন রাজ্যবাসীকে আপাতত বাড়িতেই থাকতে বলা হয়েছে। তাঁদের নজরদারিতে রাখা হয়েছে। সপ্তাহখানেক হল শুরু হয়েছে এই হেলথ মনিটরিং। তাঁদের শরীর ও স্বাস্থ্যের নিয়মিত খোঁজ রাখছেন স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা। পাশাপাশি এও জানানো হয়েছে, কোনো উপসর্গ ধরা পড়লে তা যেন তাঁরা স্বাস্থ্যভবনে জানান।
এদিন ইবোলা সম্পর্কে অফিসারদের সতর্ক করতে ভিডিয়ো কনফারেন্স করেন জনস্বাস্থ্য শাখার আধিকারিকরা। প্রসঙ্গত, ইবোলা সংক্রমণ আফ্রিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার পর দেশের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরকে সতর্ক করা হয়েছে। এখনও অবধি ভারতে এই রোগে কেউ আক্রান্ত হননি বলে স্বাস্থ্যদপ্তর ও মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।