


বেঙ্গালুরু, ২৭ মে: করোনার পর ফের ভাইরাস আতঙ্ক। এবার আশঙ্কা তৈরি হচ্ছে ইবোলা ভাইরাস নিয়ে। আফ্রিকার কয়েকটি দেশে এই ভাইরাসের সংক্রমণ বাড়ার ফলে চিন্তায় রয়েছে ভারত। যদিও এখনও পর্যন্ত ভারতে এই ভাইরাসের কোনো রোগীর খোঁজ মেলেনি। জানা গিয়েছে, উগান্ডা থেকে সম্প্রতি বেঙ্গালুরুতে ফেরা এক ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। শরীরে হালকা ব্যথার উপসর্গ দেখা দেওয়ায় ওই ব্যক্তিকে সরকারি এপিডেমিক ডিজিজেস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কতৃপক্ষ মারফত জানা গিয়েছে সেই ব্যক্তির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। সতর্কতা বজায় রাখার জন্য তাঁকে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে ইবোলা ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ন্যাশানাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে। এছাড়াও তারা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনেই সব ধরনের জনস্বাস্থ্য নিয়ম অনুসরণ করা হচ্ছে। সেই সঙ্গেই কর্নাটক সরকারের সঙ্গেও নিয়মিত সমন্বয় রেখে পরিস্থিতির উপর নজর রাখছে তারা।
সূত্র মারফত জানা গিয়েছে আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলার সংক্রমণের ঘটনার পর থেকেই গোটা পরিস্থিতির উপর নজরদারি বাড়িয়েছে ভারত। দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর ও এন্ট্রি পয়েন্টে মনিটরিং ব্যবস্থাও চালু করা হয়েছে। গুজবে কান না দিয়ে সতর্ক থাকার আবেদন জানিয়েছে কেন্দ্র। এর আগেও আফ্রিকার আক্রান্ত দেশগুলি থেকে আসা যাত্রীদের ঘিরে ভারতে ইবোলা নিয়ে সতর্কতা তৈরি হয়েছিল। তবে কড়া নজরদারির জেরে দেশে এখনও পর্যন্ত সংক্রমণ ছড়ানোর ঘটনা ঘটেনি। গোটা বিষয়টি নিয়ে কড়া নজরদারি রাখছে স্বাস্থ্য মন্ত্রক।