


সংবাদদাতা, উলুবেড়িয়া: লোনের টাকা সময়মতো শোধ করতে না পারায় বৃদ্ধ দম্পতিকে বাড়ি থেকে বের করে দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উলুবেড়িয়া ১ নং ব্লকের বাউড়িয়া গ্রামে। উলুবেড়িয়া থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে তালা খুলে বৃদ্ধ দম্পতিকে বাড়িতে ঢোকানের ব্যবস্থা করে।
বাউড়িয়া গ্রামের বাসিন্দা জয়ন্তী মণ্ডল নামে ওই মহিলা স্বনির্ভর গোষ্ঠী থেকে ১৩ মাস আগে ৮০ হাজার টাকা ঋণ নেন। কিন্তু অভিযোগ, দীর্ঘদিন ধরে মহিলা ঋণের টাকা শোধ করছিলেন না। তা নিয়ে টানাপড়েন চলছিল। অভিযোগ, বুধবার রাতে ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা জয়ন্তীর বাড়িতে গিয়ে বৃদ্ধ দম্পতিকে বাইরে বের করে দিয়ে তালা লাগিয়ে দেয়। গ্রুপের সদস্য প্রিয়াঙ্কা মণ্ডলের দাবি, জয়ন্তী ঋণের টাকা শোধ না করে ঘুরে বেড়াচ্ছেন। আমরা টাকা শোধ করতে বললেও উনি কর্নপাত করছিলেন না। ব্যাঙ্ক কর্তৃপক্ষ আমাদের আইনি পরামর্শ নিতে বলেছিলেন। আমরা সেইদিকে না গিয়ে শুধুমাত্র ভয় দেখাতে ঘরে তালা দিয়েছিলাম। অন্য কিছু নয়। জয়ন্তী জানান, ঋণ নেওয়ার পর মাস চার পাঁচেক সুদ দিয়েছিলাম। আর দিতে পারিনি। আমি ওদের থেকে টাকা ফেরত দেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছিলাম। সেই সময়ের মধ্যেও টাকা ফেরত দিতে না পারায় ওরা আমাদের বাড়ির বাইরে বের করে তালা দিয়ে দিয়েছে। মহিলার দাবি, ব্যাঙ্কে গিয়ে সময় চাইলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ রাজি না হয়ে আমাকে বলে দেয়, গ্রুপের মেয়েরা যেটা করবে সেটাই হবে। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, একটা সমস্যা হয়েছিল। দু’পক্ষকে বসিয়ে মিটিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে
লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। -নিজস্ব চিত্র