


নিজস্ব প্রতিনিধি, বারাসত: কেন্দ্রীয় সরকারের স্মার্ট মিটারের বদলে পুরনো ডিজিটাল মিটার বসাতে হবে। এই দাবিতে বিক্ষোভ দেখালেন বিদ্যুৎ গ্রাহকরা। মঙ্গলবার বারাসত চাঁপাডালি মোড় সংলগ্ন বিদ্যুৎ দপ্তরের ডিভিশন অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁরা পরে ডেপুটেশন জমা দেন দপ্তরে। এতে যশোর রোডের ট্রাফিক কার্যত লন্ডভন্ড হয়ে যায়। পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
জানা গিয়েছে, কয়েক মাস ধরে রাজ্য জুড়ে বসানো হচ্ছে ইলেকট্রিকের স্মার্ট মিটার। এর বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বারাসত মহকুমার বিভিন্ন এলাকাতেও বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছেন গ্রাহকরা। তাঁদের অভিযোগ, স্মার্ট মিটারের ফলে লাগামছাড়া বিল আসছে। ফলে চূড়ান্ত সমস্যার মধ্যে পড়ছেন গ্রাহকরা। এই বিক্ষোভের পরই রাজ্য বিদ্যুৎ দপ্তর স্মার্ট মিটার বসানোর উপরে স্থগিতাদেশ দিয়েছে। কিন্তু ততক্ষণে অনেক মানুষের বাড়িতে বসে গিয়েছে স্মার্ট মিটার।
এই স্মার্ট মিটার তুলে পুরনো ডিজিটাল মিটার বসানোর দাবিতে এদিন বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। বিক্ষোভকারী মৌসুমি কয়াল, বৃহস্পতি কয়ালরা বলেন, স্মার্ট মিটারের ফলে প্রচুর টাকার বিল আসছে। তাই বিদ্যুৎ দপ্তর যাতে পুরনো ডিজিটাল মিটার ফিরিয়ে আনে, সেই জন্যই এই বিক্ষোভ কর্মসূচি।