


সংবাদদাতা, কাকদ্বীপ: ঘরে জ্বলতো না বিদ্যুতের আলো। হ্যারিকেন ও ল্যাম্পের আলোই ছিল ভরসা। এমনকী বাড়িতে ঘুমানোর জন্য কোনো খাটও ছিল না। ছিল না শৌচাগার। দীর্ঘদিন ধরে এভাবেই ৭৫ বছরের গৌর দাস তাঁর পরিবার নিয়ে নামখানার নারায়ণগঞ্জ এলাকায় বসবাস করতেন। বিষয়টি স্থানীয় নেতাদের মাধ্যমে সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল জানতে পারেন। এরপরই তিনি ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে বৈদ্যুতিক আলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এক সপ্তাহের মধ্যে নতুন খুঁটি পুঁতে দাস পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমান ওই পরিবারের ঘরে জ্বলছে বৈদ্যুতিক আলো। কিনে দেওয়া হয়েছে খাট। একটি শৌচাগার তৈরি করে দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। এবিষয়ে সাগরের বিধায়ক সুমন্ত মন্ডল বলেন, অতীতের সরকার প্রান্তিক মানুষের কথা কখনো ভাবেনি। তাই স্বাধীনতার পর ৮০ বছর কেটে গেলেও, ওই পরিবারে আজও বিদ্যুতের আলো পৌঁছয়নি। বিষয়টি জানার পরই তাঁদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সব রকমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি আমরা। বিদ্যুৎ আসায় খুশি গৌর দাস। নিজস্ব চিত্র।