


সংবাদদাতা, হলদিয়া: বৃহস্পতিবার হলদিয়ার দুর্গাচক সুপার মার্কেটে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে খাদি গ্রামীণ বিপণন কেন্দ্র-এর উদ্বোধন করলেন রাজ্যের ক্ষুদ্র শিল্প এবং বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা। তিনি বলেন, প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে খাদি বিপণন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। খাদির পণ্য উৎপাদন বাড়াতে এই দপ্তরের আধিকারিকরা প্রকল্প তৈরি করেছেন।
আগের তৃণমূল সরকার খাদিকে কেন্দ্রের প্রকল্প মনে করে গুরুত্ব দেয়নি। রাজ্যের নতুন সরকার এবার দেশীয় শিল্প উদ্যোগে গুরুত্ব দেবে। এদিন খাদির পণ্য ব্যবহারের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান মন্ত্রী। তিনি বলেন, আগে আমি খুব দামী জামাকাপড় ব্যবহার করতাম। তখন খাদির কথা সেভাবে জানতাম না। এখন খাদির জামাকাপড় আমার খুব প্রিয়। বেশি দামি, কম দামি সব ধরনের জামাকাপড় মিলবে খাদি বিপণন কেন্দ্রে।
খাদির মাধ্যমে পূর্ব মেদিনীপুরে মাদুর শিল্পের উন্নয়নও করা হবে। দপ্তরের এক আধিকারিক বলেন, আগামী দিনে ই-কমার্সের মাধ্যমে খাদির সামগ্রী কেনাকাটার সুযোগ তৈরি হচ্ছে। চলতি বছরে রাজ্যে খাদির সামগ্রী বিক্রিতে ৪ কোটি টাকার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। হলদিয়ার এই খাদি বিপণন কেন্দ্র রাজ্যে ১৩তম কেন্দ্র। পূর্ব মেদিনীপুরে এটি খাদি গ্রামীণের প্রথম বিপণন কেন্দ্র। এরপর নিমতৌড়িতে জেলা পরিষদের উদ্যোগে একটি বড় বিপণন কেন্দ্র খোলা হবে। হলদিয়ার এই বিপণন কেন্দ্রে পাওয়া যাবে হস্তশিল্পীদের তৈরি বিভিন্ন সামগ্রী। খাদি বস্ত্রের মধ্যে রয়েছে রেশম, তসর, গরদ, বালুচোরি ও খাদির শাড়ি। পাশাপাশি পাঞ্জাবি, শাড়ি, চুড়িদার, শার্টের মতো পোশাকও মিলবে। গ্রামীণ শিল্পীদের হাতে তৈরি মশলা, মধু, ঘি, বড়ি, আচার, পাপড়-সহ নানা সামগ্রীও এখানে বিক্রি হবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত সহ প্রশাসনের আধিকারিকরা। প্রথম দিনেই খাদি গ্রামীণ বিপণন কেন্দ্রে কেনাকাটায় ভালই ভিড় হয়।