


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারুইপুর কাণ্ডে এনকাউন্টারের ঘটনায় তদন্তকারী সংস্থা বদলের দাবিতে নয়া মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলা করেছেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। এর আগে বারুইপুরে এনকাউন্টারের ঘটনা নিয়ে একাধিক জনস্বার্থ মামলা হয়েছে। তাতে পূর্ণাঙ্গ রিপোর্টও তলব করেছে হাইকোর্ট। তবে তদন্তকারী সংস্থা বদলের দাবিতে নয়া জনস্বার্থ মামলা দায়ের করেছেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। তাঁর বক্তব্য, যে পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যু হয়েছে, সেই পুলিশই কীভাবে বারুইপুরের ঘটনার তদন্ত করবে? আদৌ কি সে ক্ষেত্রে এনকাউন্টারের রহস্য কোনো দিন ভেদ করা যাবে? তদন্তকারী সংস্থা পরিবর্তন করে এই রহস্য উন্মোচন করা হোক, আদালতে জানান মামলাকারী। যদিও আদালত জানিয়েছে, রাজ্যের বক্তব্য আগে শোনা প্রয়োজন। তার পর পরবর্তী পদক্ষেপ স্থির করা যাবে।
বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের গুলিতে নিহত হন। অভিযোগ, ঘটনার পুনর্নির্মাণের সময় তিনি পুলিশের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। আত্মরক্ষার্থে তাই গুলি চালায় পুলিশ। এই ঘটনার তদন্ত করছে সিআইডি। এবার তদন্তকারী সংস্থা বদলের দাবি উঠল মামলায়।