


নয়াদিল্লি, ১৩ আগস্ট: ফের বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। ইঞ্জিনে সমস্যার জেরে মাঝ আকাশে বিভ্রাটে পড়তে হয় বিমানটিকে। অবশেষে ইমাজেন্সি অবতরণ করানো হল এয়ার ইন্ডিয়ার এই যাত্রীবাহী বিমানকে।
জানা গিয়েছে, এদিন সকালে এয়ার ইন্ডিয়ার এয়াই আই১৮৬ বিমানটি ভোপালের রাজা ভোজ বিমানবন্দর থেকে সকাল ৮টা ২৬ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা দেয়। বিমানে ছিলেন ১৪০ জন যাত্রী। এরপরই ঘটে বিপত্তি। কিছুক্ষণ পরেই বিমানে এক ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। সেইজেরে পরিস্থিতি বুঝে ককপিট থেকে জয়পুর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চায় পাইলট। অবশেষে ভোপাল থেকে নয়াদিল্লিগামী এই বিমানটি জয়পুর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বিমানবন্দর কতৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা ১০ মিনিটে জয়পুর বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বিমানটি ল্যান্ডিংয়ের আগে জয়পুর বিমানবন্দরে অ্যাম্বুল্যান্স, দমকলের গাড়ি এবং নিরাপত্তাকর্মীদের প্রস্তুত রাখা হয়েছিল। অবশেষে সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ বিমানটি নিরাপদে রানওয়েতে অবতরণ করে। এরপর বিমানের সমস্ত যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। বিমানটিকে আপাতত গ্রাউন্ডেড করা হয়েছে বলে জানা গিয়েছে। ঠিক কী কারণে ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল, তা খতিয়ে দেখছে বিমান কতৃপক্ষ।