


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন না মিটলে ইপিএফে সুদের হার সংক্রান্ত বিজ্ঞপ্তি দেবে না কেন্দ্র। শ্রমমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, সম্ভবত জুন মাসের আগে এব্যাপারে কোনো সুখবর পাবেন না ইপিএফ গ্রাহকরা। অর্থাৎ, পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা পেতে অন্তত আরও দু’মাস অপেক্ষা করতে হবে বেসরকারি সংস্থা-প্রতিষ্ঠানের কর্মীদের। মাসকয়েক আগে ইপিএফও অছি পরিষদের বৈঠকে ২০২৫-২৬ আর্থিক বছরে ইপিএফ সুদের হার অপরিবর্তিত রেখে ৮.২৫ শতাংশই করা হয়েছে। তার পরেও কেন এই টাকা পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হবে, সেই প্রশ্ন তুলছেন ইপিএফ গ্রাহকদের একটি বড়ো অংশ। এর ফলে বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে অসন্তোষ দানা বাধছে। তবে এসংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশের আগে অর্থমন্ত্রকের অনুমোদন প্রয়োজন হবে। সরকারি সূত্রে খবর, মে মাসের শেষে অর্থমন্ত্রকের থেকে এবিষয়ে সবুজ সংকেত আসতে পারে। তার পরেই ইপিএফের সুদ প্রাপ্তি নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে শ্রমমন্ত্রকের আওতাধীন ইপিএফও।