


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাঙালি যুবকের রুশ স্ত্রীর দেশ ছেড়ে পালানোর মামলায় শুক্রবার সুপ্রিম কোর্টে কেন্দ্রএবং দিল্লি পুলিসকে প্রবল সমালোচনার মুখে পড়তে হল। সর্বোচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও দিল্লি পুলিসেরই নিরাপত্তা গাফিলতির কারণে ভিক্টোরিয়া বসু নাবালক সন্তান স্তাভ্যকে নিয়ে রাশিয়া চলে যেতে সমর্থ হয়েছেন বলেই এদিন শুনানির পর্যবেক্ষণে মন্তব্য করেন বিচারপতি সূর্য কান্ত। সঙ্গে ছিলেন আর এক বিচারপতি জয়মাল্য বাগচী। কেন্দ্রের আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাট্টির উদ্দেশে তাঁরা বলেছেন, ভুলে গেলে চলবে না যে, বাচ্চাটি দেশের সুপ্রিম কোর্টের হেফাজতে ছিল। আমাদের হেফাজত থেকে বাচ্চাটিকে নিয়ে ফেরার হয়েছেন তার মা। দিল্লি পুলিসের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে। তাই আমরা চুপ করে থাকব না। শেষ দেখব।
বাঙালি যুবক সৈকত বসুর হয়ে এদিন আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী শুভাশিস ভৌমিক। তিনিও কেন্দ্রের দিকেই আঙুল তোলেন। সুপ্রিম কোর্টও সেই আবেদন গ্রাহ্য করে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, ইন্টারপোল এবং রাশিয়ার সঙ্গে কথা বলে শিশুটিকে যেভাবে হোক দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে। মস্কোয় ভারতীয় রাষ্ট্রদূত এ ব্যাপারে উদ্যোগ নিয়ে ভিক্টোরিয়া বসুকে যেমন খুঁজে বের করবেন, একইভাবে নাবালকটিকেও। কোনওভাবেই সুপ্রিম কোর্টের হেফাজতে (কাস্টডি) থাকা এক নাবালকে নিয়ে রুশ নাগরিক পালাতে পারে না। ১০ দিন পর ফের হবে শুনানি।