


বেঙ্গালুরু: নামে কিবা আসে-যায়! শেক্সপিয়র যাই বলে গিয়ে থাকুন না কেন, আলবাৎ আসে যায়। আর সেকথা বোধহয় টের পাচ্ছেন বলিউডের দুই মহাতারকা—অমিতাভ বচ্চন ও আমির খান। তাঁদের দু’টি বিলাসবহুল রোলস রয়েস গাড়ির রোড ট্যাক্স বাবদ বকেয়া প্রায় ৩৮ লক্ষ টাকা! যদিও বর্তমানে শুধুমাত্র ‘খাতায়-কলমে’ই তাঁরা গাড়ির মালিক। আদতে সেই গাড়ি বিক্রি হয়ে গিয়েছে বেশ কয়েক বছর আগেই। কিন্তু নাম না পরিবর্তন করার কারণেই জরিমানা বিতর্কে জড়িয়েছে অমিতাভ-আমিরের নাম।
রোড ট্যাক্স না দেওয়ার কারণে বিগ বি’র রোলস রয়েস ফ্যান্টমের জন্য (নম্বর: এমএইচ ০২ বিবি ২) ১৮ লক্ষ ৫৩ হাজার ৬৭ টাকা ও আমিরের রোলস রয়েস ঘোস্ট (নম্বর: এমএইচ ১১ এএক্স ১) গাড়ির জন্য ১৯ লক্ষ ৭৩ হাজার ৩৬৭ টাকা জরিমানা করেছে বেঙ্গালুরুর আরটিও। কে কিনেছিলেন বলি তারকাদের এই বিলাসবহুল গাড়িগুলি? সেখানেও রয়েছে চমক। ক্রেতার নাম—‘কেজিএফ বাবু’! আসল নাম ইউসুফ শরিফ। কিন্তু তাঁর আদি বাড়ি কর্ণাটকের কোলার গোল্ড ফিল্ডস (কেজিএফ) এলাকায়। এই এলাকার নামেই তৈরি হয় যশের সুপারহিট সিরিজ ‘কেজিএফ’। ওই খনি এলাকার শিকড়ের কারণে এই ব্যবসায়ী-রাজনীতিবিদের এমন ডাক নামে ‘নামডাক’। তাঁর প্রোফাইলও বেশ চমকপ্রদ। শোনা যায়, ক্লাস ফাইভ পাশ এই ব্যবসায়ী-রাজনীতিবিদ কেরিয়ার শুরু করেছিলেন বাতিল লোহালক্কড়ের কারবারি হিসেবে। পরে পা রাখেন জমি-বাড়ির ব্যবসায়। ২০২১ সালে কর্ণাটক এমএলসি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সেই সময়ে দেওয়া হলফনামায় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১ হাজার ৭৪৪ কোটি।
সূত্রের খবর, ২০২১ সালে অমিতাভ বচ্চনের থেকে তিনি রোলস রয়েস ফ্যান্টম ও ২০২৩ সালে আমিরের থেকে রোলস রয়েস ঘোস্ট গাড়িটি কেনেন। কিন্তু এত বছর পরেও মালিকানা পরিবর্তন করেননি। ফলে রেজিস্ট্রেশন রয়ে গিয়েছে বিগ বি ও আমিরের নামেই। কর্ণাটক মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী, ভিন রাজ্য থেকে আসা যে কোনও গাড়িকে এক বছরের মধ্যে স্থানীয় আরটিওতে পুনরায় রেজিস্টার করতে হবে। দিতে হবে রোড ট্যাক্সও। মালিকানা বদল না হওয়ায় ট্যাক্স কাণ্ডে জড়িয়ে যায় দুই বলি সেলেবের নাম।
অবশ্য এই প্রথম নয়। এর আগে, ২০২১ সালেও আরটিও কর্তাদের নজরে পড়েছিল এই রোলস রয়েস ফ্যান্টম গাড়িটি। ২০২১ সালের ২২ আগস্ট কাগজপত্র ঠিক না থাকার কারণে গাড়িটিকে আটক করে বেঙ্গালুরুর পরিবহণ দপ্তর। কিন্তু কর্ণাটকে গাড়িটি এক বছরের কম সময় থাকায় বড় অঙ্কের জরিমানা হয়নি। মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে ২৮ আগস্ট গাড়িটি ছাড়িয়ে আনেন ইউসুফ শরিফ। জানা যায়, ২০০৭ সালে ‘একলব্য’ সিনেমার শ্যুটিং শেষে ধন্যবাদস্বরূপ বিগ বি’কে রোলস রয়েস ফ্যান্টম গাড়িটি উপহার দিয়েছিলেন বলিউড পরিচালক বিধু বিনোদ চোপড়া। ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি গাড়িটি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। এর পরেই প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকায় তা কিনেছিলেন কেজিএফ বাবু। তাঁর পারিবারিক গ্যারাজে বিএমডব্লু-৫ সিরিজ, অডি এ৮, অডি কিউ৭, বেন্টলি মুলসান্নে, অডি এ৪, টয়োটা ভেলফায়ার, মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস, ফেরারি, অ্যাস্টন মার্টিন-এর মতো গাড়ি। যদিও সেই মুকুটের জোড়া পালক কিন্তু বিগ বি’র রোলস রয়েস ফ্যান্টম ও আমিরের রোলস রয়েস ঘোস্ট গাড়ি দু’টি। আর সেই জোড়া পালকের জন্যই জরিমানা প্রায় ৩৮ লক্ষ।