


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নতুন শিক্ষা বছর শুরু হয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও বাজারে পাওয়া যাচ্ছে না এনসিইআরটির ক্লাস নাইনের পাঠ্যবই। গত সপ্তাহে শুধুমাত্র নবম শ্রেণির ইংরেজি পাঠ্য পুস্তক পাওয়া গিয়েছে। অভিযোগ, সেটিও পর্যাপ্ত নয়। ক্লাস নাইনের অঙ্ক, বিজ্ঞান, সোশ্যাল সায়েন্সের মতো একাধিক গুরুত্বপূর্ণ পাঠ্য পুস্তক এখনও অমিল। পাঠ্যবই না থাকায় ঠিকমতো পড়াশোনাই করা যাচ্ছে না। ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে প্রধানত সিবিএসইর আওতাভুক্ত স্কুলের পড়ুয়াদের। কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, একলব্য মডেল স্কুল, সৈনিক স্কুলগুলিতে এনসিইআরটির পাঠ্যবই পড়ানো হয়। এর ফলে প্রবল ভোগান্তির শিকার হতে হচ্ছে ওইসব স্কুলের ছাত্রছাত্রীদের। গোটা ঘটনায় কেন্দ্রের মোদি সরকার এবং শিক্ষামন্ত্রকের উপর অত্যন্ত ক্ষুব্ধ অভিভাবকদের একটি বড়ো অংশ।
তাদের প্রশ্ন, বিভিন্ন ক্লাসে প্রতিবার কেন এনসিইআরটির বই নিয়ে একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ছাত্রছাত্রীদের? বিশেষ করে এই মুহূর্তে যারা ক্লাস নাইনের পড়ুয়া। এক বছর পরেই তাদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা। সেই কারণে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের এমন হয়রানির শিকার হতে হলে তা আরও দুর্ভাগ্যজনক। এব্যাপারে অবশ্য শিক্ষামন্ত্রক আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে সরকারি সূত্রে দাবি করা হয়েছে, খুব শীঘ্রই পাঠ্যবই হাতে পেয়ে যাবে ক্লাস নাইনের পড়ুয়ারা। জানা যাচ্ছে, ২০২৪-২৫ শিক্ষা বছরে ক্লাস থ্রি এবং ক্লাস সিক্সের নতুন পাঠ্যবই প্রকাশ করা হয়েছিল। কিন্তু তা হাতে পেতে পড়ুয়াদের জুলাই, আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়। একইভাবে ২০২৫-২৬ শিক্ষা বছরে ক্লাস ফোর, ক্লাস ফাইভ, ক্লাস সেভেন এবং ক্লাস এইটের নতুন পাঠ্যবই প্রকাশ করে এনসিইআরটি। তা হাতে পেতেও অন্তত মাসচারেক অপেক্ষা করতে হয় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের। এখানেই শেষ নয়। ক্লাস এইটের সোশ্যাল সায়েন্সের দ্বিতীয় পার্ট নিয়ে সরাসরি হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। কারণ ওই অংশে দেশের বিচার বিভাগ নিয়ে ‘আপত্তিকর’ এবং ‘অবমাননাকর’ প্রসঙ্গ উল্লেখ করা হয়েছিল।
সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে তা বাতিল করতে বাধ্য হয় এনসিইআরটি। কিন্তু সেই সংশোধিত বইও এখনও পর্যন্ত হাতে পাননি পড়ুয়ারা। শিক্ষামন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই এসংক্রান্ত বিষয়ে এনসিইআরটির ২২ জনের প্যানেল পুনর্গঠিত করা হয়েছে। প্যানেলের সদস্যরা সংশোধিত অধ্যায়ের বিষয় খতিয়ে দেখছেন। ২০২৭-২৮ শিক্ষা বছরে ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের নতুন পাঠ্য পুস্তক প্রকাশের কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এনসিইআরটির পক্ষ থেকে। পড়ুয়া এবং অভিভাবকদের একটি বড়ো অংশের প্রশ্ন, আবারও কি পাঠ্য পুস্তকের অভাবে একইভাবে নাজেহাল হতে হবে তাঁদের?