


তিরুবনন্তপূরম, ২৭ সেপ্টেম্বর: ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারাল ভারত। আজ, রবিবার ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ টিম। এদিন তিরুবনন্তপূরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শুভমান গিল। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ক্যারেবিয়ানরা। ১৯.২ ওভারে ১৩৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। ওপেনার ক্যাম্পবেল ৬০ রানে ফিরে যান। এরপর কৃষ্ণার বলে শুভমানের হাতে ক্যাচ তুলে আউট হন কার্টি (১৩)। এদিন জ্বলে উঠতে পারেননি কিপার অধিনায়ক সাই হোপ। করেন মাত্র ১২ রান। কিন্তু ক্রিজে টিকে থেকে দুরন্ত ইনিংস খেলেন ওপেনার জাস্টিন গ্রেভস। ১০৮ বলে করেন ১০১ রান। মারেন ১২টি চার। শেষে কুলদীপের বলে তিনি এলবিডব্লু হন। এরপর ওই ওভারেই ০ রানে প্যাভিলিয়নে ফিরে যান অ্যান্ড্রু। কৃষ্ণার বলে বোল্ড হন রোস্টন (২৪)। ৭ রানের মাথায় নীতীশের বলে নমনের হাতে ক্যাচ দিয়ে আউট হন ম্যাথু। শেষে অপরাজিত থাকেন আমির (৫৮) এবং মোতি (৪)। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে ৪টি উইকেট নেন কুলদীপ। ২ উইকেট নেন কৃষ্ণা। ১টি উইকেট আসে নীতীশ রেড্ডির ঝুলিতে।
জবাবে ব্যাট করতে নামে ভারত। ১২ ওভারের মাথায় প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া। ৩২ রানে আউট হন হিটম্যান রোহিত শর্মা। ক্রিজে টিকে থাকেন বিরাট কোহলি এবং অধিনায়ক শুভমান গিল। ওয়ান ডে-তে ১৫ হাজার রানের গণ্ডিও এদিন পেরিয়ে যান কিং কোহলি। গিল সেঞ্চুরি করেন। শেষে ৩৪ ওভারের মাথায় রোস্টনের বলে অ্যান্ড্রুর হাতে ক্যাচ দিয়ে ১১০ রানে আউট হন শুভমান। মারেন ১টি ছয় এবং ১৩টি চার। এরপর ক্রিজে টিকে থাকেন বিরাট কোহলি। রীতিমতো বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ৮৮ বলে ১৩৯ রানে অপরাজিত থাকেন। মারেন ৯টি ছয় এবং ১০টি চার। ১৩ রানে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ঋতুরাজও। শেষে মাত্র ৪১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০০ রান তুলে নেয় ভারতীয় দল। ক্যারেবিয়ানদের হারিয়ে জয়ী হয় ৮ উইকেটে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১টি করে উইকেট নেন জোসেফ এবং রোস্টন।