


নিজস্ব প্রতিনিধি, তমলুক: তোলাবাজির অভিযোগে মেচেদা থেকে গ্রেপ্তার হলেন বিএমএস(ভারতীয় মজদুর সংঘ) সংগঠনের স্থানীয় ব্লক সভাপতি গোপাল মণ্ডল। মঙ্গলবার রাতে কোলাঘাট থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ, পূর্ব মেদিনীপুর সিজেএম কোর্টে তাকে পেশ করা হবে।
মেচেদা সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় এজেন্ট নিয়োগ করে বিএমএসের শহিদ মাতঙ্গিনী ব্লক সভাপতি গোপাল মণ্ডল ও সম্পাদক কৌশিক ভুঁইয়া দেদার তোলা আদায় করছিলেন বলে অভিযোগ। রবিবার তোলা দিতে অস্বীকার করলে এক দোকানদারদের বেধরক মারধর করা হয়। সেই ঘটনায় গোপাল, কৌশিক ও দুই এজেন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।
কোলাঘাট থানার পুলিশ সোমবার শেখ জুম্মন ও শেখ মতি নামে এফআইআর লিস্টে থাকা দুই এজেন্টকে গ্রেপ্তার করে। তারপর সোমবার রাতে বিজেপির লোকজন মেচেদায় বিএমএসের কার্যালয় থেকে গোপালকে বের করে বেধড়ক মারধর করে। অফিসে তালা ঝুলিয়ে দেয়। বিজেপির দাবি, সংঘের শ্রমিক সংগঠনের বদনাম করছেন গোপাল ও কৌশিক। সেইসঙ্গে মেচেদায় বিজেপির পক্ষ থেকে মাইকিং করে কাউকে তোলা না দেওয়ায় আবেদন জানানো হয়। মঙ্গলবার অনেক রাতে মেচেদায় তালাবন্ধ অফিস খুলতে গিয়েছিলেন গোপাল ও কৌশিক। সেই সময় বিজেপির লোকজন বাধা দেন। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিকে কোলাঘাট থানার পুলিশ এসে গোপালকে গ্রেপ্তার করে। আরো এক অভিযুক্ত বিএমএস নেতা কৌশিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তার খোঁজ চালাচ্ছে।