


নিউ ইয়র্ক: নিজের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে পড়লেন গুগল কর্তা সুন্দর পিচাই। সোমবার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান প্যালেস্তাইনপন্থী পড়ুয়ারা। ইজরায়েলের সঙ্গে গুগলের সাম্প্রতিক চুক্তি—‘প্রজেক্ট নিম্বাসে’র প্রতিবাদে সরব হলেন পড়ুয়ারা। প্রাক্তন ছাত্র পিচাইকে এবারের সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে পিচাইয়ের নাম ঘোষণার পরই কয়েকশো পড়ুয়া প্যালেস্তাইনের পতাকা হাতে স্লোগান দিতে শুরু করেন। তাঁরা গ্র্যাজুয়েশন গাউন ও ক্যাপ পরে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে আসেন। এই বিক্ষোভের নেপথ্যে ছিল স্টুডেন্ট ফর জাস্টিস ইন প্যালেস্তাইন নামে এক সংগঠন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পিচাই নিজের বক্তৃতা চালিয়ে যান। নিজের জীবনের অভিজ্ঞতার কথা জানান। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটিও মন্তব্য করেননি পিচাই।
সম্প্রতি প্রজেক্ট নিম্বাস নামে গুগল ও ইজরায়েল সরকারের মধ্যে ১.২ বিলিয়ন ডলারের একটি ক্লাউড কম্পিউটিং চুক্তি হয়েছে। প্যালেস্টাইন- পন্থী আন্দোলনকারীদের অভিযোগ, এর মাধ্যমে যে প্রযুক্তিগত সহায়তা গুগল দেবে, তা পরোক্ষভাবে ইজরায়েলকে সমর্থনের সামিল। তাঁদের দাবি, এই চুক্তি মানবাধিকার লঙ্ঘন করছে।
সমাবর্তন বয়কটের পর পড়ুয়ারা ‘পিপলস কমেন্সমেন্ট’ নামে অন্য একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে মূল বক্তা ছিলেন মহম্মদ খালিলি। ২০২৪ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্যালেস্তাইনপন্থী আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে তাঁকে ১০০ দিনেরও বেশি সময় আটকে রেখেছিল মার্কিন অভিবাসন দপ্তর।