


লখনউ: দলিত কিশোরীকে ধর্ষণ করে খুন। পরে দেহ ভাসিয়ে দেওয়া হল গঙ্গায়। পরিবার থানায় গেলে সেখানেও বাধা দেয় কয়েকজন দুষ্কৃতী। এমনই অভিযোগ ঘিরে তোলপাড় যোগীরাজ্য উত্তরপ্রদেশের গাজিপুর। শুক্রবার বাংলায় অভয়ার মায়ের সমর্থনে প্রচারে এসে নারী নির্যাতনের ফাইল খোলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি নারী সংরক্ষণ বিলের সংশোধনী পাশ না হওয়ায় চোখের জলও ফেলতে দেখা গিয়েছিল তাঁকে। এরইমাঝে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এমন নৃশংস ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। আগামী ২৯ এপ্রিল হারদোই এলাকায় গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর উত্তরপ্রদেশ সফরে আসার কথা। তার ঠিক আগে গঙ্গা থেকে দলিত কন্যার মৃতদেহ উদ্ধারের ঘটনায় সরব হয়েছে কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলি। রাহুল গান্ধী, অখিলেশ যাদবদের একযোগে আক্রমণ— যোগী সরকারের ক্ষমতায় থাকার আর কোনো নৈতিক অধিকার নেই।
১৪ এপ্রিল নিখোঁজ হয়ে যায় ১৭ বছরের মেয়েটি। পরের দিন গাজিপুরের কারান্দায় গঙ্গা নদী থেকে তার দেহ উদ্ধার হয়। অভিযোগ, তাকে ধর্ষণের পর খুন করে দেহ নদীতে ফেলে দেয় দুষ্কৃতীরা। পরিবারের দাবি, থানায় অভিযোগ দায়ের করতে গেলে প্রথমে তাদের বাধা দেওয়া হয়। যদিও পুলিশের বক্তব্য, ইতিমধ্যে মামলা দায়ের হয়েছে। এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।
যদিও বিরোধীরা বিজেপি সরকারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ন্যায়বিচারের দাবি তুলেছেন। শনিবার সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর বার্তা, ‘হাতরাস, কাঠুয়া, উন্নাওয়ের পর এবার গাজিপুর। একই প্যাটার্ন। প্রতিবার আক্রান্ত সেই দলিত, পিছিয়ে পড়া শ্রেণি, উপজাতি, গরিবরা। প্রতিবারই অপরাধীদের সুরক্ষা দেওয়া হচ্ছে। এবারও নীরব ক্ষমতাসীন সরকার। এই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জবাব দিন— আপনাদের শাসনে মেয়েরা অসুরক্ষিত কেন?’
এরইমধ্যে গত ২২ এপ্রিল নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছয় সমাজবাদী পার্টির প্রতিনিধিদল। অভিযোগ, তাদের উপর হামলা চালায় বিজেপি। রীতিমতো পাথর বৃষ্টি চলে। এর জেরে পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন জখম হয়েছেন। এই ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর হারদোই সফরের দিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে সপা সুপ্রিমো অখিলেশ যাদবের। দ্রুত কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনিও।