


রিয়াল মাদ্রিদ-১ : আর্সেনাল-২
ইন্তার মিলান-২ : বায়ার্ন মিউনিখ-২
মাদ্রিদ: একই রাতে চ্যাম্পিয়ন্স লিগে জোড়া ইন্দ্রপতন। ইউরোপ সেরার লড়াই থেকে ছিটকে গেল টুর্নামেন্টের অন্যতম দুই সফল দল রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। শেষ চারের লড়াইয়ে প্রথম লেগে আর্সেনালের বিরুদ্ধে তিন গোল হজম করে আগেই সেমি-ফাইনালের পথ কঠিন করেছিল কার্লো আনসেলোত্তির ছেলেরা। এবার ফিরতি লেগে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ১-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ১৫বারের চ্যাম্পিয়নরা। দু’লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জিতে দীর্ঘ ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে আর্সেনাল। বুধবার অ্যাওয়ে ম্যাচে গানারদের হয়ে স্কোরশিটে নাম তোলেন বুকায়ো সাকা ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। রিয়ালের একমাত্র গোলটি ভিনিসিয়াস জুনিয়রের।
গত কয়েক বছর চ্যাম্পিয়ন্স লিগে একাধিকবার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের নজির গড়েছে রিয়াল। বুধবার আরও একবার তার পুনরাবৃত্তির আশার বুক বেঁধেছিলেন অনুরাগীরা। তবে অঘটন রোজ রোজ হয় না। আর সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আর্সেনাল। ঘরের মাঠে রিয়াল রক্ষণ নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছিল মিকেল আর্তেতা-ব্রিগেড। এদিন ম্যাচের শুরুতেই লিড নেওয়ার সুযোগ এলেছিল তাদের সামনে। ১১ মিনিটে পেনাল্টি পায় আর্সেনাল। তবে বুকায়ো সাকার স্পটকিক রুখে দলের পতন আটকান রিয়ালের দুর্গপ্রহরী থিবো কুর্তোয়া। পাল্টা ২৭ মিনিটে রিয়ালের হয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। খালি চোখে এমবাপের প্লে-অ্যাক্টিং ধরা না পড়লেও, ভারের সাহায্য নিয়ে সিদ্ধান্ত বদলান রেফারি। এরপর পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করে ৬৫ মিনিটে জাল কাঁপান সাকা। মিকেল মেরিনোর পাস থেকে ঠান্ডা মাথায় জাল কাঁপান তিনি (১-০)। ম্যাচে পিছিয়ে পড়ার দু’মিনিটের মধ্যেই ম্যাচে সমতায় ফেরে রিয়াল। উইলিয়াম সাইবার ভুল কাজে লাগিয়ে গোল করেন ভিনিসিয়াস (১-১)। দু’লেগ মিলিয়ে স্কোর দাঁড়ায় ৪-১। ম্যাচে বাকি ২৩ মিনিটে রিয়াল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, তা যথেষ্ট ছিল না। বরং সংযোজিত সময়ে প্রতি-আক্রমণ থেকে মার্তিনেল্লির গোলে জয় ছিনিয়ে নেয় আর্সেনাল (২-১)।
দিনের অপর ম্যাচে ঘরের মাঠে বায়ার্নকে রুখে দিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করল ইন্তার মিলান। বুধাবর সান সিরোয় ম্যাচ শেষ হয় ২-২ গোলে। তবে প্রথম লেগে মিউনিখে ২-১ গোলে জয়ের সুবাদে দু’লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করল সিমোনে ইনজাঘির ছেলেরা। বুধবার ইন্তারের হয়ে স্কোরশিটে নাম তোলেন লাওতারো মার্তিনেজ ও বেঞ্জামিন পাভার্ড। বায়ার্নের দুই গোলদাতা হ্যারি কেন ও এরিক ডায়ার। সেমি-ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে ইন্তার মিলান। আর আর্সেনাল খেলবে পিএসজি’র বিরুদ্ধে।