


আর ৫০ দিনও বাকি নেই। তারপরেই ঢাকের বাদ্যি আর ধুনোর গন্ধে ভরে উঠবে চারপাশ। মা দুর্গার আগমন ঘটবে মর্তে। আলোয় আলোয় সেজে উঠবে পুজো মণ্ডপ। এহেন অপেক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গবাসী। পুজোর বাজার চলছে জোর কদমে। শাড়ি ছাড়াও টপ, কুর্তি কিনতে ব্যস্ত তরুণীর দল। কুর্তি আর শর্ট টপের কোন ডিজাইন নতুন এল এবার পুজোয়? চলছে তারই চুলচেরা বাছবিচার।
শুধু তো আর নকশা নয়, রং, কাট, সব কিছুই দেখেশুনে নেওয়া চাই। দুর্গাপুজো বলে কথা! বাঙালির সেরা পার্বণ। এই চার দিন সাজগোজে কোনও খামতি চলবে না।
প্রিন্টের নানা রকম
আজরাখ, ডাবু, বাগরু ইত্যাদি প্রিন্ট কুর্তির নকশায় খুবই হিট করেছে এবছর। দক্ষিণাপণ খাদির তরফে অশোক কুমার সাহা জানালেন, কুর্তির ডিজাইনের ক্ষেত্রে প্রাদেশিক প্রিন্ট দারুণ জনপ্রিয়। মধ্যপ্রদেশ, রাজস্থান ইত্যাদি রাজ্যের প্রিন্ট আমাদের এখানে খুব ভালো চলে। তারই সঙ্গে নানা রকম মিক্স অ্যান্ড ম্যাচ করে নকশার নতুনত্ব আনার চেষ্টা করা হয়। কখনও প্রিন্টের সঙ্গেই আউটলাইন কাঁথা স্টিচ করা হয়। কখনও বা প্রিন্টের সঙ্গে সামঞ্জস্য রেখে সিকুইন বসানো হয়।
একরঙা নকশা
যদি প্লেন সলিড রং চান, তাতেও নানা ডিজাইন পাবেন। একটু ফ্লুরোসেন্ট রং বেশ কিছু বছর ধরেই চাহিদার তালিকায় উপর দিকে। এবছর সলিড কালারের মধ্যে যে রং সবচেয়ে বেশি চলছে তা হল লেমন কালার। একইসঙ্গে উজ্জ্বল এবং আরামদায়ক। আর সেই কারণেই এই রঙের চাহিদাও তুঙ্গে। একরঙা কুর্তির মধ্যে পাবেন নীল, হলুদ, সাদা, কালো, সবুজ সহ হরেক রং। তাতে নেকলাইনে হালকা সুতোর কাজ থাকছে।
সুতোর কাজের নানারকম
এবছর সুতোর কাজের মধ্যে কাশ্মীরি আর আড়ি কাজের কদর চোখে পড়ার মতো। পাশাপাশি কাঁথা কাজ, গুজরাতি কাজ ইত্যাদিও চলছে। কাশ্মীরি স্টিচের ক্ষেত্রে একটু হালকা নকশাই চোখে পড়ছে বেশি। আবার আড়ি কাজের ক্ষেত্রে একটু জমকালো নকশার কদর বেশি। কাঁথাকাজ এবং গুজরাতি কাজ পুরো কুর্তা জুড়েই করা হচ্ছে।
নানা ফ্যাব্রিক, হরেক নকশা
সুতির কুর্তিতে প্যাচওয়ার্ক, সুতোর কাজ, প্রিন্ট সবই পাবেন। এছাড়াও সিল্ক, র-সিল্ক, তসর ইত্যাদির কুর্তিও রয়েছে। এবার পুজোয় চান্দেরি, মসলিন ইত্যাদি ফ্যাব্রিকও খুবই চলছে বলে জানানো হল রেণি-র তরফে। খাদিতে তসর এবং সিল্কের কুর্তায় সুতোর কাজ করা হচ্ছে না। বরং চাহিদা অনুযায়ী ব্লক প্রিন্টই বেশি পাওয়া যাচ্ছে সেখানে। একটু জমকালো কুর্তির খোঁজ চাইলে তাও পাবেন রেণিতে। এখানে নেকলাইনে ভরাট জরির নকশা করা কুর্তি রয়েছে।
জ্যাকেট স্টাইল টপ
একটু ওয়েস্টার্ন লুক চাইলে জ্যাকেট স্টাইল টপ বাছতে পারেন। জিন্স, ট্রাউজার্স, জেগিংস বা জগার্স, সবকিছুর সঙ্গেই মানিয়ে যাবে। এই টপগুলোতে কোটের মতো ফ্ল্যাপ কলার দেওয়া রয়েছে। সুতি, সিল্ক, ডোলা সিল্ক, ইত্যাদি ফ্যাব্রিকে পাবেন এই ধরনের টপ।
প্যান্ট সেট
এবার প্যান্ট সেট খুবই ভালো চলছে। স্ট্রেট প্যান্ট আর একটু শর্ট কুর্তি এখন টিনএজ ফ্যাশনে খুবই ইন। সেটা একরঙের হতে পারে, আবার কনট্রাস্ট কালার হতে পারে। অনেক সময় একরঙা প্যান্টের সঙ্গে প্রিন্টেড টপ ম্যাচ করানো হয়। একটা ইন্দো ওয়েস্টার্ন ফিউশন লুক বজায় রাখা হয়।
রঙের নানারূপ
একটু উজ্জ্বল রঙের চাহিদা খুব বেশি। প্রিন্টের ক্ষেত্রে কনট্রাস্ট রং টিনএজারদের মনে বেশি ধরছে। সব মিলিয়ে পুজোর লুকে বৈচিত্র্য চাইছেন সকলেই। উজ্জ্বল রং, নানারকম কাজ আর প্রিন্টের ভিড়ে কুর্তির বাজার সরগরম। পুজোর জন্য অভিনব লুকের চাহিদা রয়েছে, পাশাপাশি গতানুগতিক চেহারার টপও অনেকেই কিনতে চাইছেন।
কমলিনী চক্রবর্তী