


প্রেমের গল্প। কিন্তু তার পরতে মিশে রয়েছে ভয়। রশ্মিকা মন্দানা, আয়ুষ্মান খুরানা, নওয়াজউদ্দিন সিদ্দিকির আসন্ন ছবি ‘থামা’র ট্রেলার দেখে প্রাথমিক এই নির্যাসই পেয়েছেন সিনেপ্রেমীরা। ‘স্ত্রী’, ‘মুনঞ্জ্যা’ ‘ভেদিয়া’র নির্মাতাদের পরবর্তী ছবি ‘থামা’। তাঁদের পূর্ববর্তী ছবি থেকে স্পষ্ট, গল্পে ভয়ের অনুষঙ্গ থাকবেই। আদিত্য সারপোতদারের পরিচালনায় কিছু চমক আশা করা যায়। প্রথমবার রশ্মিকা এবং আয়ুষ্মানের কেমিস্ট্রি দেখার অপেক্ষায় থাকবেন দর্শক। আয়ুষ্মান এক ঐতিহাসিকের চরিত্রে অভিনয় করেছেন। পুরাণ, লোককথায় সাজানো চিত্রনাট্য। থাকবে ভ্যাম্পায়ারের অনুষঙ্গ। বিজয়গড় সাম্রাজ্যের গল্প আধারিত এই ছবি চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে।