


কাঠমাণ্ডু, ২৮ আগস্ট: ফের হড়পা বানের আশঙ্কা নেপালে। আতঙ্কে কাঁপছে গোটা দেশ। শুক্রবার সকালে চীনের সিচুয়ান সংলগ্ন এলাকায় ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হওয়ার পর নতুন করে উদ্বেগ ছড়িয়েছে নেপালে। ভূমিকম্পের পর তিব্বতের কাছাকাছি একটি বাঁধ ভেঙে যাওয়ার খবর সামনে এসেছে। এর জেরে আগামী কয়েক ঘণ্টায় উত্তর নেপালের বিস্তীর্ণ এলাকায় ফের হড়পা বান বা আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাসুয়া এবং ধাদিং জেলায় হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি উদ্ধার ও ত্রাণকর্মীদেরও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় আপাতত বেশ কিছু এলাকায় উদ্ধার ও ত্রাণকাজ থমকে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নদী ও জলপ্রবাহের কাছাকাছি থাকা বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু এলাকায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ধারকারী দলগুলিকেও পরিস্থিতির দিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। নেপালের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই পরিস্থিতির মধ্যে নতুন করে জলস্তর বৃদ্ধির আশঙ্কা দেখা দেওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী সংস্থাগুলি প্রস্তুত রয়েছে।