


জয়পুর: গুরগাঁওতে মহিলা বাইক আরোহীকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত গাড়িচালককে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার রাজস্থানের দৌসার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার গুরগাঁওয়ের গল্ফ কোর্স রোডে ঘটনাটি ঘটে। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, একটি সাদা গাড়ি আচমকা বাঁ দিকে ঘুরে বাইকচালক সিয়াকে ধাক্কা মারে। ছিটকে পড়ে যান সিয়া। তাঁর বাইকটিও বেশ কিছুটা দূরে গিয়ে পড়ে। ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত গাড়ি চালক কল্যাণের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করে পুলিশ। তাকে ধরতে পুলিশের তিনটি দল গঠন করা হয়। মঙ্গলবার রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এদিন প্রস্রাব করার অজুহাতে পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে কল্যাণ। পালাতে গিয়ে পড়ে গিয়ে সামান্য চোটও পায় সে। পরে হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা করা হয়।
ঘটনার সময় তার সঙ্গে থাকা আরও এক ব্যক্তির ভূমিকা তদন্ত করে দেখছে পুলিশ। যে গাড়িটি সিয়াকে ধাক্কা মেরেছিল, সেটি কল্যাণের এক বন্ধুর বলে জানা গিয়েছে। অভিযুক্তর আইনজীবী নবীন বনসল দাবি করেছেন, গণপিটুনির আশঙ্কাতেই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল সে। তাঁর আরও দাবি, দুর্ঘটনার জন্য দায়ী বাইক আরোহীই। পালটা সিয়া জানিয়েছেন, এই ঘটনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তিনি। তাঁর কথায়, ‘অভিযুক্ত হয়তো ভেবেছিল, একজন মহিলাকে ধাক্কা মেরে গাড়ি নিয়ে পালিয়ে গেলেও কিছু হবে না। এটি স্পষ্টতই খুনের চেষ্টার ঘটনা।’