


প্যারিস: পিএসজি’র জার্সিতে স্বপ্নের অভিষেক ফেরান তোরেসের। লিগ ওয়ানের প্রথম ম্যাচে রেনেঁর বিরুদ্ধে জোড়া গোলে দলের হার বাঁচালেন এই তরুণ স্ট্রাইকার। ম্যাচে পরিবর্ত হিসাবে মাঠে নেমেই প্যারিসের ক্লাবটির হয়ে দাগ কাটলেন বিশ্বকাপ জয়ী ফুটবলার। মরশুমের প্রথম ম্যাচে শুরুতেই দু’গোলে পিছিয়ে পড়ে পিএসজি। ডেম্বেলে, খাভিচা, দুয়েদের প্রথম একাদশে রেখেই দল সাজিয়েছিলেন কোচ লুই এনরিকে। তবে প্রথম ম্যাচে একেবারেই দাগ কাটতে ব্যর্থ তাঁরা। তাই বাধ্য হয়ে দ্বিতীয়ার্ধে তোরেস ও ফাবিয়ান রুইসকে নামান কোচ। দুই সুপার-সাবের হাত ধরেই ম্যাচে ফেরে পিএসজি। ৭১ মিনিটে রুইসের পাস ধরে ঠান্ডা মাথায় জাল কাঁপান তোরেস। আর ৮২ মিনিটে গোলটি আসে হেডে। এক্ষেত্রেও ফেরান তোরেসকে গোলের জন্য বল সাজিয়ে দেন ফাবিয়ান। দল হার বাঁচালেও ছেলেদের খেলায় মোটেই সন্তুষ্ট নন কোচ এনরিকে। ম্যাচের পরই তিনি দলকে হুঁশিয়ারি দেন, ‘গত দু’বছরে আমরা কী সাফল্য পেয়েছি তা মাথায় রাখলেই বিপদ। নতুন মরশুমে আমাদের শূন্য থেকে শুরু করতে হবে।’