


নিজস্ব প্রতিনিধি, তমলুক: চার মাস যাবৎ আইসিডিএস সেন্টারে বকেয়া বিলের দাবিতে আন্দোলন করতে গিয়ে দুই অঙ্গণওয়াড়ি কর্মীর বিরুদ্ধে থানায় এফআইআর করলেন সিডিপিও। পাশাপাশি আরও সাতজনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে ইতিমধ্যেই। গতকাল রাতে ওই ঘটনার পর আজ অঙ্গণওয়াড়ি কর্মীরা বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত জুন মাস থেকে মহিষাদল ব্লকের আইসিডিএস সেন্টারে রান্নার সামগ্রী হিসেবে সবজির বিল মেটানো হয়নি। যার জেরে আইসিডিএস কর্মীরা সংকটে পড়েছেন। ধার দেনা করে চালাতে হচ্ছে সংসার। সার্ভার সমস্যা এবং একাধিক কারণে এই ব্লকে সমস্যা হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল আইসিডিএস কর্মী ব্লক চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসে বিক্ষোভ দেখান। সিডিপিও ছুটিতে ছিলেন। তাঁকে আসার পর আইসিডিএস কর্মীরা ফোনে বার বার যোগাযোগ করেছিলেন বলে জানা গিয়েছে। যদিও তাঁরপরও তিনি আসেননি। এই অবস্থায় ক্ষোভে তাঁরা অফিসের গেট বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। ওই অফিসের এক কর্মী তালা ভেঙে দরজা খোলার ব্যবস্থা করেন। সন্ধ্যায় সিডিপিও অফিসে যান। বিক্ষোভ দেখাতে আসা সাতজন আইসিডিএস কর্মীর শাস্তিমূলক বদলি এবং দুজনের বিরুদ্ধে এফআইআর করে দেন। সিডিপিও সুজন দাস বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইসিডিএসের কর্মী বলেন, আমরা টানা চার মাস সমস্যায় আছি। কেউ গয়না বন্ধক রেখে আবার কেউ চড়া সুদে টাকা নিয়ে সেন্টারে রান্নার খরচ সংগ্রহ করছেন। সিডিপিওর কাছে এই সমস্যা নিয়ে বার বার দরবার করেছি। কাল আমরা বিক্ষোভ দেখাই। একবার সিডিপিওকে অফিসে এসে আশ্বস্ত করার জন্য ফোনে আবেদন জানাই। তিনি আসেননি। আমরা বিকাল ৫টা নাগাদ অফিস থেকে যেযার বাড়ি ফিরে যাওয়ার পর সিডিপিও অফিসে যান। তারপর আমাদের বিরুদ্ধে ওই পদক্ষেপ নেন। আজ আমরা এনিয়ে বিডিও অফিসে যাব।