


সংবাদদাতা, কালনা: ব্যান্ডেল-কাটোয়া রেল শাখায় আপ গুয়াহাটিগামী কামরুপ এক্সপ্রেস ট্রেনের কামরার নীচ থেকে আচমকাই ধোঁয়া! ছড়াল আতঙ্ক। আজ, শুক্রবার রাতে ঘটনাটি ঘটে সমুদ্রগড় স্টেশনের কাছে। খবর পাওয়া মাত্র ট্রেনের চালক দ্রুত ট্রেন থামান। আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামতে শুরু করেন। গার্ড ও চালক ট্রেন থেকে নেমে দেখেন চাকার ব্রেক বাইনডিং হওয়ায় ঘর্ষণের জেরেই ধোঁয়া বের হচ্ছে। আতঙ্কের কোনো কারণ নেই বলে তাঁরা যাত্রীদের আশ্বস্ত করেন। খবর পেয়ে অকুস্থলে আসে কালনা জিআরপি। দ্রুত মেকানিকরা মেরামতির কাজ শুরু করেন। এরপর প্রায় আধ ঘন্টা পর ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দেয়।
রেল কর্তপক্ষ সূত্রে খবর, হাওড়া-গুয়াহাটি আপ কামরূপ এক্সপ্রেস ট্রেনটি কালনার পরবর্তী স্টপেজ হলো নবদ্বীপ। যাত্রীদের দাবি, কালনা থেকে ভালো ভাবেই ট্রেনটি পরবর্তী গন্তব্যস্থলের দিকে যাচ্ছিল। এরপর সমুদ্রগড় স্টেশনে ঢোকার আগে হঠাৎই ট্রেনের একটি কামরার নীচ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। খবর পেয়েই চালক রাত প্রায় ৮টা ৩৫ মিনিট নাগাদ সমুদ্রগড় স্টেশনে ট্রেনটি দাঁড় করান। ধোঁয়া বের হওয়ার কারণ হিসাবে তাঁরা জানতে পারেন চাকার ব্রেক বাইডিংয়ের ফলেই এমন ঘটনা ঘটেছে। এরপর মেরামতি শেষে হলে রাত ৯টা নাগাদ ট্রেনটি ফের রওনা দেয়।