


সংবাদদাতা, কাঁথি: কলকাতা ও তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে কয়েকজনের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে দমকল বিভাগ ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। মঙ্গলবার থেকে দীঘা সহ অন্যান্য পর্যটন কেন্দ্রের হোটেল-লজগুলিতে দমকল বিভাগের অগ্নিসুরক্ষার অডিট শুরু হল। এদিন একটি দল দীঘা এবং আর একটি দল মন্দারমণির হোটেল-লজগুলিতে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালায়। হোটেল-লজগুলির অগ্নিসুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা কী রয়েছে, তা খতিয়ে দেখা হয়। এদিন দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে ছিলেন পুলিশ-প্রশাসনের আধিকারিকরাও। অডিটে উঠে আসে, অনেক হোটেলে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ঠিকঠাক নেই। ফায়ার এক্সটিংগুইসারও ঠিকমতো কাজ করে না। ফায়ারের লাইসেন্স নেই। হোটেলে আগুন লাগলে বেরিয়ে যাওয়ার কোনো বিকল্প পথও নেই। আরও নানা অব্যবস্থা রয়েছে এসব হোটেল, লজগুলিতে। এভাবেই বছরের পর বছর ধরে চলে আসছে। গত বছর দীঘার একটি হোটেলে বড়োসড়ো আগুন লাগার ঘটনা ঘটেছিল। আগেও কয়েকবার দীঘার হোটেলে আগুন লাগে। সবদিক মাথায় রেখে গত শনিবার দীঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার সভাকক্ষে দীঘা সহ অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির অগ্নিসুরক্ষা ও নিরাপত্তা নিয়ে বৈঠক ডাকে জেলা প্রশাসন। সেখানে হোটেল মালিকদের সচেতন করা হয়। হোটেলে আগুন লাগার ঘটনা রুখতে এবং আগুন লাগলে কী করণীয়, সেব্যাপারে তাঁদের একটি গাইডলাইন তুলে দেওয়া হয়।
দীঘার হোটেলগুলিতে অভিযান দমকলের।-নিজস্ব চিত্র