


সাগর রজক, মানিকচক: রাত-বিরেতে বিপদে-আপদে মানুষের পাশে থাকা থেকে শুরু করে বন্যা দুর্গতদের সাহায্য। ব্রিজ নির্মাণ থেকে শুরু করে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, কলেজ থেকে থানা তৈরিতে সহযোগিতা নানা কাজ করেছেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। গত ছ’মাস অসুস্থ হয়ে শয্যাশায়ী। তারপরও ভূতনি তথা মানিকচকের মানুষের খোঁজখবর নিতে ভোলেননি তিনি। প্রতিনিধি পাঠিয়ে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণের কাজও করেছেন সাবিত্রী। বন্যা দুর্গতদের দেখাশোনা করেছেন। অসহায় গৃহহীনদের যথাসাধ্য সাহায্য করেছেন। সেজন্য বিরোধীরাও একবাক্যে স্বীকার করেন, বিধায়ক থাকাকালীন সাবিত্রী উন্নয়নমূলক কাজ করেছেন। অসুস্থ থাকায় এবার প্রার্থী হননি সাবিত্রী। মানিকচকে তৃণমূলের প্রার্থী হয়েছেন কবিতা মণ্ডল।
তৃণমূল কংগ্রেসের দু’বারের বিধায়ক সাবিত্রী মানিকচকে নানা উন্নয়নমূলক কাজ করেছেন। তাঁর আগে কংগ্রেসের বিধায়ক ছিলেন বহুবার। মালদহের রাজনীতিতে অতি পরিচিত মুখ সাবিত্রী। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত মানিকচকের বিভিন্ন জায়গা ঘুরে নানা উন্নয়নমূলক কাজ দেখাশোনা করতেন বিধায়ক। সাবিত্রীর জামাই সৌম্যদীপ সরকার জানিয়েছেন, বিধায়ক হিসেবে গৌড়বঙ্গে সবচেয়ে বেশি কাজ করেছেন সাবিত্রী। বিধায়ক তহবিলের প্রায় ৭০ শতাংশ টাকা খরচ হয়েছে মানিকচকের উন্নয়নে। এখন মানিকচক হাসপাতালে মাতৃমা এবং নাজিরপুরে আরেকটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কাজ চলছে। গ্রামের সমস্ত রাস্তাঘাট প্রায় পাকা। খেলার মাঠ সাজিয়ে তোলা হয়েছে।
সংসার সামলে মানিকচকের উন্নয়নে কাজ করলেও সাবিত্রী মানুষের অনেক দাবি পূরণ করতে পারেননি বলে অভিযোগ বিরোধীদের। মানিকচকে বৈদ্যুতিক চুল্লি, দমকল কেন্দ্র এখনও তৈরি হয়নি। বিদায়ী বিধায়কের কাছে একাধিকবার দাবিও জানান মানিকচকের মানুষ। কিন্তু এসব এখনও অধরা। মানিকচকের বাসিন্দা তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক জ্যোতিভূষণ পাঠক বলেন, এখানে দমকল কেন্দ্রের খুবই প্রয়োজন। হাহাজান ঘাটেও ব্রিজের দাবি রয়েছে মানিকচকবাসীর। বিদায়ী বিধায়কের জামাই বলেছেন, দমকল কেন্দ্রের প্রস্তাব ইতিমধ্যে পাঠানো হয়েছে। হাহাজান ঘাটে ব্রিজের জন্য উত্তরবঙ্গ দপ্তরে প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী দিনে অসমাপ্ত কাজগুলি হবে।
‘কাজের লোক’ বলে সিপিএম এবং বিজেপি স্বীকার করলেও সাবিত্রীর বিরুদ্ধে অভিযোগও রয়েছে। মানিকচকের সিপিএম প্রার্থী দেবজ্যোতি সিনহার বক্তব্য, সাবিত্রী উন্নয়ন করেছেন বটে, তবে সবকাজেই প্রভাব খাটাতেন। অনিয়ম করেছেন। সেজন্যই ভূতনিতে বন্যা পরিস্থিতি হয়েছে। বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডলের দাবি, শাশুড়ি-জামাইয়ের রাজত্ব চলছে মানিকচকে। উন্নয়নের নামে শুধু অনিয়ম হয়েছে। অনেক দাবি পূরণ করতে পারেনি। • সাবিত্রী মিত্র।