


হারারে: আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে লজ্জার পরাজয়ের ক্ষতে কি প্রলেপ পড়বে? জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ সেই সুযোগই এনে দিচ্ছে টিম ইন্ডিয়ার সামনে। অধিনায়ক হিসেবে টানা হারতে থাকা শ্রেয়স আয়ারের কাছেও এটি ঘুরে দাঁড়ানোর সফর। নেতৃত্ব পাওয়ার পর প্রথম সাত ম্যাচের মধ্যে ৬টিতেই হেরেছেন তিনি। একটা ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়েছিল। নাহলে আরও অপমান হজম করতে হত শ্রেয়স ব্রিগেডকে।
হারারে স্পোর্টস ক্লাবের মাঠ অবশ্য টিম ইন্ডিয়ার দুই ওপেনারের কাছে সুখের স্মৃতিও আনছে। এখানেই জাতীয় দলের জার্সি প্রথমবার গায়ে চাপান অভিষেক শর্মা। দ্বিতীয় ম্যাচেই হাঁকান শতরান। সবই ঘটেছিল এখানে। আর গত ৬ ফেব্রুয়ারি এখানেই জুনিয়র বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে চুরমার করে অনবদ্য শতরান উপহার দেয় বৈভব। সিকান্দার রাজাদের বিরুদ্ধেও বিস্ময় কিশোরকে সেই ছন্দে দেখতে চান ক্রিকেটপ্রেমীরা। কিন্তু টেমসের পাড়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকটা সুখের হয়নি বৈভবের। তিন ইনিংসে আসে মাত্র ৪২ রান। সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে এই সিরিজে তিনটি ম্যাচই খেলা উচিত বৈভবের। তা কাজে লাগাতে মরিয়া ১৫ বছর বয়সি। কোচ গৌতম গম্ভীরকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ। প্রতিপক্ষ হিসাবে জিম্বাবোয়ে যতই পিছিয়ে থাকুক, ভারতের অনভিজ্ঞ বোলিং লাইন নিশ্চিতভাবেই তাঁর রাতের ঘুম কাড়ছে। প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব, অশোক শর্মাদের সামনে তাই নিজেদেরকে ছাপিয়ে যেতে হবে। অলরাউন্ডার হিসাবে শিবম দুবে, হর্ষ দুবে ও সূর্যাংশ শেদজের মধ্যে খেলবেন যে কোনো দু’জন। লেগস্পিনার রবি বিষ্ণাইকেও দেখা যেতে পারে। যদিও ইংল্যান্ডে একটি ম্যাচেই খেলেছেন তিনি। কিন্তু এই দলে আর কোনও রিস্ট স্পিনার নেই। প্রিন্স, মায়াঙ্ক, অশোক— তিন পেসারই খেললে অবশ্য বিষ্ণোইয়ের জায়গা হওয়া মুশকিল।
জিম্বাবোয়ের দুই পেসার ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা রীতিমতো লম্বা। তাঁরা পেসসহায়ক পিচের ফায়দা আদায় করতেই পারেন। তার উপর ঈশান কিষান, শ্রেয়স, তিলক ভার্মারা একেবারেই ধারাবাহিক নন। নিশ্চিতভাবেই শর্টপিচ ডেলিভারিতে তাঁদের পরীক্ষা নেবেন মুজারাবানিরা। এই আবহে রিঙ্কু সিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে সুযোগ পাননি তিনি। জিম্বাবোয়ে সফর তাঁর সামনেও নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ। বিশেষ করে ভারতের মিডল অর্ডার যখন একেবারেই ভরসা দিতে পারছে না।
খেলা শুরু বিকাল ৪-৩০ মিনিটে। সম্প্রচার সোনি ও জিওহটস্টারে।