


নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: ভোট ঘোষণা এখনও হয়নি। তার আগেই শহর ও শহরতলিতে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। কলকাতায় ইতিমধ্যেই পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। একইসঙ্গে উত্তর ২৪ পরগনা, হাওড়া গ্রামীণ, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, কল্যাণীতে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় গিয়ে এরিয়া ডমিনেশনের পাশাপাশি বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন তাঁরা। স্থানীয় থানার পুলিশের সঙ্গে কথা বলে রাস্তাঘাট চেনার কাজ শুরু করে দিয়েছেন জওয়ানরা। কলকাতা ও জেলা পুলিশ সূত্রের খবর, এখনও কেন্দ্রীয় বাহিনীর পুরো অংশ আসেনি। দফায় দফায় আসবেন তাঁরা। কলকাতায় এখনও রুট মার্চ শুরু হয়নি।
শুক্রবার রাতে বারুইপুর পুলিশ জেলায় পৌঁছেছে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রবিবার দুপুরে বিভিন্ন জায়গায় তাঁরা রুট মার্চ করেছেন। এদিন সোনারপুরের প্রতাপনগর, ক্যানিংয়ের তালদি সহ বিভিন্ন এলাকায় পুলিশের সাহায্য নিয়েই টহল দিয়েছেন বাহিনীর জওয়ানরা। নির্বাচন ঘোষণার আগে বাহিনী মোতায়েন এক প্রকার নজরবিহীন। কমিশনের বক্তব্য, বিভিন্ন এলাকার ভৌগোলিক চেহারা যাতে এখন থেকেই বুঝে নিতে পারে এবং ভোটের সময় প্রয়োজনে দ্রুত সংশ্লিষ্ট এলাকায় যেতে পারে, তাই আগেভাগেই বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এদিন বিকালে সোনারপুরের যে অংশে টহল দিয়েছেন জওয়ানরা, সেই প্রতাপনগরে গত পঞ্চায়েত ভোটের সময় গোলমাল হয়েছিল। ‘স্পর্শকাতর’ এলাকা হিসাবেও পরিচিত এই পঞ্চায়েত এলাকা।
অন্যদিকে, ক্যানিংয়ের তালদি অঞ্চলে টহল দিয়েছেন বাহিনীর জওয়ানরা। সেখানে বিভিন্ন বাজার, দোকানে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা। বারুইপুর পুলিশ জেলা সূত্রে খবর, পাঁচ কোম্পানিকে সোনারপুর, ক্যানিং, বাসন্তী, জয়নগর ও কুলতলি এলাকায় ভাগ করে পাঠানো হয়েছে। পুলিশ জেলা থেকে রুট মার্চের ম্যাপ দেওয়া হচ্ছে। সেইমতো টহল চলছে। এদিন দিনে কিছু অংশে রুট মার্চ হলেও ভবিষ্যতে রাতেও টহল দেবে বাহিনী।
এক শীর্ষ আধিকারিকের কথায়, ঘুরিয়ে ফিরিয়ে সব এলাকাতেই টহল দেবে তারা স্পর্শকাতর এলাকা দিয়ে আপাতত রুট মার্চ শুরু হয়েছে।
উত্তর ২৪ পগনার বারাসতে পৌঁছে গিয়েছে ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বনগাঁয় দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ঢুকেছে শুক্রবার রাতে। বনগাঁ, বাগদা, গাইঘাটার বিভিন্ন এলাকায় টহল দিতে শুরু করেছে জওয়ানরা। স্থানীয় সূত্রের খবর, মতুয়া অধ্যুষিত এলাকা এবারের ভোটে স্পর্শকাতর বলেই চিহ্নিত। তাই ভোট ঘোষণার আগে থেকেই এরিয়া ডমিনেশনে জোর দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটকেন্দ্রগুলি সম্পর্কেও স্থানীয় পুলিশের কাছ থেকে তথ্য নিয়েছে তারা।
হুগলির ডানকুনি, তারকেশ্বরে শনিবার এসেছে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এদিন শ্রীরামপুরের বাসস্ট্যান্ড থেকে নওগাঁ মোড় পর্যন্ত চলে রুট মার্চ। গ্রামীণ হাওড়ার বাগনানে এক কোম্পানি ফোর্স এসে পৌঁছেছে।